Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়াকে ২০১ রানের বিশাল লক্ষ্য দিল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ২২ অক্টোবর, ২০২২

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শক্তিশালী অসিদের বিপক্ষেই সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বিশাল সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। ফিন অ্যালান-ডেভন কনওয়েদের ব্যাটিং ঝড়ে অস্ট্রেলিয়াকে ২০১ রানের বিশাল লক্ষ্য দিয়েছে কেইন উইলিয়ামসনের দল।

শনিবার (২২ অক্টোবর) সুপার টুয়েলভের গ্রুপ ‘এ’ এর ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২০০ রান করেছে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেছেন কনওয়ে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে কিউইদের উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার ফিন অ্যালান ও ডেভন কনওয়ে। শুরু থেকেই অসি বোলারদের ওপর চড়াও হন অ্যালান।

মিচেল স্টার্কের প্রথম ওভারেই ১৪ রান নেন অ্যালান। পরের দুই ওভারে তুলোধুনো করেন জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্সকে। অ্যালান ঝড়ে মাত্র ৪ ওভারে ৫৬ রান তোলে কিউইরা। পঞ্চম ওভারে অ্যালান তাণ্ডব থামান হ্যাজেলউড। অসি তারকার ইয়র্কারে ভাঙে অ্যালানের স্টাম্প। ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় মাত্র ১৬ বলে ৪২ রান করে ফেরেন কিউই ওপেনার।

অ্যালান ফেরার কিউইদের দ্বিতীয় জুটিও থিতু হয়ে যায়। কনওয়ের সঙ্গে জুটি বেধে ৬৯ রানের চমৎকার জুটি উপহার দেন উইলিয়ামসন। এই জুটিতেই মূলত লড়াইয়ের ভিত পেয়ে যায় নিউজিল্যান্ড।

জুড়ি গড়ে ২৩  বলে উইলিয়ামসন খেলেন ২৩ রানের ইনিংস খেলে আউট হন উইলিয়ামসন। অধিনায়ক ফিরলেও থিতু ছিলেন কনওয়ে। তার ব্যাটে চড়েই বড় পুঁজি পায় কিউইরা। মাত্র ৫৮ বলে ৭টি বাউন্ডারি ও ২টি ছক্কায় ৯২রানের ইনিংস খেলেন কনওয়ে। শেষ দিকে নেমে জিমি নিশাম করেন ২৬ রান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.