Sylhet Today 24 PRINT

আফগানিস্তানকে ৫ উইকেটে হারাল ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

স্পোর্টস ডেস্ক |  ২২ অক্টোবর, ২০২২

মাত্র ১১২ রানে পুঁজি নিয়ে ভালোই লড়ল আফগানিস্তান। ইংল্যান্ডকে বেঁধে রাখল তার ১৯ ওভার অবধি। ইংল্যান্ড জিতল বটে তবে আফগান বোলাররা চিনিয়েছেন নিজেদের জাত।

হাতে ১১ বল থাকতে ৫ উইকেটে হার। বড় হারই বটে। ইংল্যান্ডের বিপক্ষে ওই হারের মধ্যেও আফগানিস্তানের বোলাররা সম্মান আদায় করে নিয়েছেন। ফজল হক ফারুকি-মুজিব উররা বুঝিয়ে দিয়েছেন আফগান ব্যাটিং অনিশ্চয়তায় ভরা হলেও বোলাররা বিশ্বমানের।

শনিবার পার্থে সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে টস হেরে বোলিং করতে নামে ইংল্যান্ড। অধিনায়ক জস বাটলার শুরুতে বোলিং বেছে নেন। ইংল্যান্ডের অভিজ্ঞ পেস আক্রমণে দুই বল থাকতে ১১২ রানে ধসে যায় আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ।

দুই ওপেনার হযরতুল্লাহ জাজাই (৭) ও রহমানুল্লাহ গুরবাজ (১০) ব্যর্থ হন। তিনে নামা ইব্রাহিম জাদরান ৩২ বলে তিন চার ও এক ছক্কায় ৩২ রানের এবং চারে নামা উসমান গনি ৩০ বলে ৩০ রানের ইনিংস খেলেন। তবে মিডলে নাজিবুল্লাহ (১৩) মোহাম্মদ নবী (৩), লোয়ার মিডলে রশিদ খান (০) ব্যর্থ হন।

জবাব দিতে নেমে ভালো শুরু করে ইংল্যান্ড। কিন্তু দাপট দেখাতে পারেনি। ওপেনিং জুটিতে জস বাটলার এবং অ্যালেক্স হেলস ৩৫ রান যোগ করেন। বাটলার ১৮ বলে তিন চারে ১৮ রান করে ফিরে যান। পরেই ধুঁকে ধুঁকে আউট হন ওপেনার অ্যালেক্স হেলস (২০ বলে ১৯) ও তিনে নামা ডেভিড ম্যালান (৩০ বলে ১৮)।

চারে নেমে বেন স্টোকস ২ রান করে নবীর বলে বোল্ড হন। দলকে জিতিয়ে ফেরান পাঁচে নামা লিয়াম লিভিংস্টোন। তিনি ২১ বলে তিন চারে ২৯ রান করেন। কিন্তু ছয়ে নামা হ্যারি ব্রুক ৭ করে রশিদ খানের বলে ফিরে যান। মঈন আলী ৮ রান করে দলকে জিতিয়ে ফেরেন।

ইংল্যান্ডের বাঁ-হাতি পেস অলরাউন্ডার স্যাম কারেন ৩.৪ ওভারে ১০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে আফগানদের ধসিয়ে দিয়েছেন। প্রথম ইংলিশ পেসার হিসেবে টি-২০ ফরম্যাটে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন বেন স্টোকস ও মার্ক উড।

পেস বোলিংয়ের জবাব স্পিনে দিয়েছেন আফগানরা। মুজিব ৪ ওভারে মাত্র ২২ রানে, ফজল হক ৪ ওভারে ২৪ রানে, রশিদ ৪ ওভারে মাত্র ১৭ রানে নিয়েছেন একটি করে উইকেট। নবী ৩ ওভারে ১৬ রানে নিয়েছেন এক উইকেট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.