Sylhet Today 24 PRINT

দেম্বেলের নৈপুণ্যে বিলবাওকে হারাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০২২

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৪ গোলে জিতেছে বার্সেলোনা। নিজে একটি গোল করার পাশাপাশি বাকি তিনটি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন উসমান দেম্বেলে। দেম্বেলে ছাড়া বাকি তিন গোলদাতা হলেন রবের্ত লেভানডফস্কি, সের্হিও রবার্তো ও ফেরনান তরেস।

এই জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার ব্যবধান কমল। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ, সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বার্সেলোনা।

কাম্প নউয়ে শুরু থেকে বিলবাওকে চেপে ধরে জাভি হার্নান্দেজের দল। প্রথম গোলটি আসে ম্যাচের ১২তম মিনিটে। দেম্বেলের শট ঠেকিয়ে দেন বিলবাওয়ের গোলকিপার উনাই সিমোন। ফিরে আসা বল পেয়ে যান রবের্ত লেভানডফস্কি। গোলে শট না নিয়ে তিনি পাস দেন দেম্বেলেকে। হেডে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড।

১৮তম মিনিটে বিলবাওয়ের অর্ধে বল পেয়ে দেম্বেলের সঙ্গে পাস দেওয়া–নেওয়া করে বক্সের মধ্যে ঢুকে পড়েন রবার্তো। তার নেওয়া শট জালে ঢোকার আগে অবশ্য বিলাওয়ের এক খেলোয়াড়ের গায়ে লেগেছিল।

৪ মিনিট পর স্কোরশিটে নাম লেখান লেভানডফস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে লেভার ১৮তম গোলটিতে সহায়তা করেছেন দেম্বেলে।

৭৩তম মিনিটে ডান প্রান্তে বিলবা্ওয়ের অর্ধে বল পেয়ে ড্রিবলিং করে সামনে এগিয়ে যান দেম্বেলে। দেম্বেলের রক্ষণচেরা এক পাসে থেকে গোল করেন তরেস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.