স্পোর্টস ডেস্ক | ২৪ অক্টোবর, ২০২২
হোবার্টে অনুষ্ঠিত সুপার টুয়েলভে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ১৪৫ রানের জবাবে খেলতে নেমে জোড়া জোড় উইকেট হারাচ্ছে নেদারল্যান্ডস। তাসকিনের করা প্রথম ওভারে দুই উইকেট হারানোর পর ইনিংসের চতুর্থ ওভারে রান আউটে দুই উইকেট হারাল নেদারল্যনা্ডস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ রানে ৪ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস।
ইনিংসের প্রথম বলেই তাসকিন আঘাত হানেন ভিক্রমজিতকে শিকার করে। এক্ষেত্রে ব্যাট হাতে রানের দেখা না পাওয়া ইয়াসির আলির পাপ কিছুটা মোচন হতে পারে। স্লিপে দাঁড়িয়ে ক্যাচটি তিনিই ধরলে ভারতীয় বংশোদ্ভুত ঐ ডাচ ব্যাটারকে ফেরার পথ ধরতে হয়।
পরের বলে ফের উইকেট নেন তাসকিন। ব্যাক অফ লেংথের বলটি এডজ হয়ে সোজা ধরা দেয় উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা নুরুল হাসান সোহানের হাতে। তাতেই হ্যাটট্রিকের সুযোগ তৈরি হয় এই পেসারের। কিন্তু শেষ পর্যন্ত তা আর করতে দেননি ডাচ ব্যাটাররা। তবে হ্যাটট্রিকের দেখা না পেলেও তার এই বোলিং চাপে ফেলেছে নেদারল্যান্ডসকে। তিন ওভার শেষে দুই উইকেট হারিয়ে মাত্র ৬ রান তুলতে পেরেছে তারা।
এই হ্যাটট্রিক নিতে পারলে হতে পারতেন প্রথম বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিক শিকারি। অবশ্য একদিনের ক্রিকেটে তাসকিনের হ্যাটট্রিক রয়েছে। শ্রীলংকার বিপক্ষে সেটি ঢাকায় করেছিলেন ২০১৭ সালে।
ইনিংসের চতুর্থ ওভারে বল করতে আসেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তার প্রথম ডেলিভারিতেই সুইপ করে স্কয়ার লেগ দিয়ে ছক্কা পাঠান ডেভিড ও দাউদ। কিন্তু ছক্কা মারার পরের বলেই আউট এই ব্যাটার। এক বল পর ফের আরও এক ব্যাটারের বিদায়। তাসকিনের পর জোড়া আঘাত আসে সাকিবের ওভারে।
তবে দুটো উইকেটই রান-আউট। ছক্কা মারার পরের বলে দুই রান নিতে গিয়ে রান-আউট হন দাউদ। আফিফের ছোড়া বলটি স্টাম্পে আঘাত হানতে মোটেও দেরি করেননি সাকিব। আর চতুর্থ বলে তিন রান নিতে গিয়ে আউট হন টম কুপার। ব্যাট হাতে রানে ফেরার ম্যাচে ফিল্ডিংয়েও অবদান রাখেন নাজমুল হোসেন শান্ত। তার ছুড়ে দেওয়াতেই দ্রুত স্টাম্প ভাঙেন নুরুল হাসান সোহান।
তাতে পাওয়ার প্লেতে টাইগার বোলাররা আরও চেপে ধরে ডাচ ব্যাটারদের। ৬ ওভার শেষে তারা দাঁড় করাতে পেরেছে ৩২ রানের সংগ্রহ।