সিলেটটুডে ডেস্ক | ২৬ অক্টোবর, ২০২২
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় রাজ্য ভিক্টোরিয়া প্রদেশ যেন পুরো ভাসছে বৃষ্টিতে। সকাল থেকে মেঘের ঘনঘটা ছিল। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হয়।
যে কারণে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড মাঠে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের টসের জন্য নির্ধারিত (বাংলাদেশ সময়) বেলা ১টা ৩০ মিনিটে মাঠে নামা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময় ২টায়ও ম্যাচ শুরু করা যায়নি।
এ প্রতিবেদন লিখা (৩টা ৪ মিনিট) পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে কখন টস করা যাবে, কখন খেলা অনুষ্ঠিত হবে- সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না।
এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। হারিয়েছিল ৮৯ রানের ব্যবধানে। অন্যদিকে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছিল আফগানিস্তান।