Sylhet Today 24 PRINT

বাংলাদেশকে ২০৬ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন দক্ষিণ আফ্রিকান টপঅর্ডার ব্যাটার রিলে রুশো। সেই সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান তুলল প্রোটিয়ারা। ফলে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২০৬ রান।

ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান দলনেতা টেম্বা বাভুমা। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় প্রোটিয়ারা। তাসকিন আহমেদের করা ইনিংসের প্রথম ওভারেই কটবিহাইন্ড হন বাভুমা। আউট হওয়ার আগে ২ রান করেন করেন।

এতেও দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে ডি কক-রুশো মিলে বাংলাদেশি বোলারদের শাসন করে যান। ঝড় শুরু করা রুশো-ডি কক ১৬৮ রানের দুর্দান্ত জুটি গড়েন। এর মধ্যে বাঁ-হাতি ওপেনার ডি কক ৩৮ বলে সাতটি চার ও তিন ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলে আফিফ হোসেনের বলে ফিরে যান। তবে রুশো অন্য প্রান্তে ছিলেন বিধ্বংসী। তিনি ১৯তম ওভারে ফিরে যাওয়ার আগে ৫৬ বলে ১০৯ রান করেন। তার ব্যাট থেকে আটটি ছক্কা ও সাতটি চারের মার দেখা যায়।

বল হাতে বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর কিছুটা ভালো করেছেন। তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। ডাচদের বিপক্ষে হিরো হয়ে ওঠা তাসকিন এই ম্যাচে ৩ ওভারে ৪৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। সাকিব ৩ ওভারে ৩৩ হজম করে নিয়েছেন ২ উইকেট।

ইয়াসির রাব্বির জায়গায় দলে আসা মেহেদি মিরাজ বল হাতে ভালো করতে পারেননি। তিনি ৩ ওভারে ৩২ রান খরচা করেন। নতুন বল হাতে নিয়ে উইকেট নিতে বা রান আটকাতে ব্যর্থ হন তিনি। পেসার হাসান মাহমুদ ৪ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। বাংলাদেশ চারটি নো বল দিয়েছে। যা থেকে প্রোটিয়ারা তুলে নিয়েছে ২১ রান। পাঁচ রান জরিমানা খেয়েছে। দক্ষিণ আফ্রিকা ওই জায়গায় এগিয়ে গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.