Sylhet Today 24 PRINT

রোমাঞ্চকর ম্যাচে ১ রানে পাকিস্তানকে হারালো জিম্বাবুয়ে

সিলেটটুডে ডেস্ক |  ২৭ অক্টোবর, ২০২২

স্নায়ু চাপের কাছে আরেকটি ক্রিকেট ম্যাচ হারল পাকিস্তান। ভারতের বিপক্ষে শেষ ওভারে হারের পরের ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে বসেছে বাবর আজমের দল। শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে ১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে অঘটনের জন্ম দিয়েছে আফ্রিকার দলটি।

জিম্বাবুয়ের দেয়া ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। আর সে সুবাদে ১ রানের রুদ্ধশ্বাস জয় নিয়ে মাঠ ছাড়ে সিকান্দার রাজারা।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ১১। বোলার ব্র্যাড ইভান্সকে মোকাবিলা করছিলেন ব্যাটার মোহাম্মদ নাওয়াজ। ওভারের প্রথম বলে আসে ৩ রান।

পরের স্লোয়ারটিকে চারে পরিণত করেন মোহাম্মদ ওয়াসিম। দলের জয়ের জন্য তখন প্রয়োজন ৪ বলে ৪ রান।

টানটান উত্তেজনার সে ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে সমীকরণ ৩ বলে ৩ রান করেন ওয়াসিম। চতুর্থ বলটি হয় ডট।

পঞ্চম বলে গ্যালারি ভর্তি পাকিস্তানি সমর্থকদের হতাশ করে বড় শট খেলতে গিয়ে ক্রেইগ আরভাইনের হাতে ধরা পড়েন ওয়াসিম।

ফলে শেষ বলে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন দাঁড়ায় ৩ রানে। শাহিন আফ্রিদি ওভারের শেষ বলটিতে ডবল নিতে যেয়েও ১ রানের বেশি পাননি। রান আউট হয়ে ফেরত যেতে হয় তাকে।

তাতেই শ্বাসরুদ্ধকর ম্যাচে আরও একবার ১ রানের হতাশায় পুড়তে হয় পাকিস্তানকে।

এর আগে, সিডনিতে জিম্বাবুয়ে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে। উদ্বোধনী জুটিতেই ওয়েসলি মাধেভেরে ও অধিনায়ক ক্রেইগ এরভিনের সুবাদে আসে ৪২ রান।

তবে ব্যাক টু ব্যাক দুই ওপেনারের সাজঘরে ফেরার মধ্য দিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় রোডেশিয়ানরা। ৪২ রানে ১ উইকেট হারানো দলটি চোখের পলকেই ৯৫ রানে হারিয়ে বসে ৭ উইকেট।

তবে শেষদিকে ব্র্যাড ইভান্সের ১৫ বলে ১৯ ও রায়ান বার্লের হার না মানা ১০ রানের সুবাদে পাকিস্তানের সামনে ১৩০ রানের মামুলি সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে।

পাকিস্তানের হয়ে ২৪ রানে ৪ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। আর শাদাব খান নেন ২৩ রানে ৩ উইকেট।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩৬ রানে পাকিস্তান হারায় বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ইফতিখার আহমেদের উইকেট।

দ্রুত ৩ টপ অর্ডারকে হারানো দলকে সামাল দেন শাদাব খান ও শান মাসুদ। দলীয় ৮৮ রানে শাদাব খান মাঠ ছাড়লে ফের মড়ক লাগে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে। স্কোরবোর্ডে রান ৯৪ করতে তারা হারায় ৬ উইকেট।


শান মাসুদের ৪৪ রান ছাড়া আর কেউ উল্লেখযোগ্য ইনিংস খেলতে না পারলে চাপ বাড়ে পাকিস্তানের ওপর। শেষ পর্যন্ত খেলা গড়ায় শেষ ওভারে।

জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা ২৫ রানে ৩টি ও সমান রান দিয়ে ইভান্স ২টি উইকেট পান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.