Sylhet Today 24 PRINT

ফিলিপসের অসাধারণ সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের ১৬৭

স্পোর্টস ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। যদিও তাদের শুরুটা হয়েছিল একেবারেই নড়বড়ে। তবে গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে কিইউরা। জিততে শ্রীলঙ্কাকে করতে হবে ১৬৮ রান।

শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বোলারদের সামনে ভেঙে পড়ে নিউজিল্যান্ডের টপ অর্ডার। সেখান থেকে কিউইদের লড়াই করার মতো স্কোর এনে দিয়েছেন ফিলিপস। গোটা ইনিংসে তার অবদান কতটা, সেটা হয়তো স্কোর দেখলেই বোঝা যায়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড করেছে ১৬৭ রান, যেখানে ফিলিপসের একারই ১০৪!

টস জিতে ব্যাটিংয়ে নেমে চতুর্থ বলেই ফিন অ্যালেনকে (১) হারায় নিউজিল্যান্ড। খানিক পর ডেভন কনওয়েও (১) হন তার সঙ্গী। বিপদের ওই সময় অধিনায়ক উইলিয়ামসন সামনে থেকে প্রতিরোধ গড়বেন কী, উল্টো মাত্র ৮ রান করে ফেরেন সাজঘরে!

তখন লঙ্কান বোলারদের সামনে ১৫ রানে নেই কিউইদের ৩ উইকেট। চারে নামা ফিলিপস শুরুতে দেখেশুনে খেললেও সময় গড়ানোর সঙ্গে স্বভাবসুলভ আক্রমণাত্মক হয়ে ওঠেন। তার ইনিংসের সঙ্গে অবদান আছে ২৪ বলে ২২ রান করা ড্যারিল মিচেলের ইনিংসটির।

তবে সবকিছুকে ছাপিয়ে গেলেন ফিলিপস। চাপের মধ্যে অসাধারণ ব্যাটিংয়ে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ৬২ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। অবশ্য ১২ রানেই বিদায় নিতে পারতেন ডানহাতি ব্যাটার, যদি ভানিন্দু হাসারাঙ্গার বলে পাথুম নিসানকা সহজ ক্যাচটি তালুতে নিতে পারতেন। ফিলিপস আরেকবার বেঁচে গিয়েছিলেন দাসুন শানাকা ক্যাচ নিতে না পারায়। শেষ পর্যন্ত ফিলিপস ৬৪ বলে ১০ বাউন্ডারি ও ৪ ছক্কায় খেলেন ১০৪ রানের অসাধারণ এক ইনিংস।

শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার কাসুন রাজিথা। এই পেসার ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট শিকার মাহিশ থিকশানা, ধনাঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা ও লাহিরু কুমারার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.