Sylhet Today 24 PRINT

নো বলের পর দলের অবস্থা কেমন ছিল, জানালেন তাসকিন

স্পোর্টস ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২২

ব্রিসবেনে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে শেষ বল পর্যন্ত ছিল  উত্তেজনা। বাংলাদেশ না জিম্বাবুয়ে—কে জিতবে, তা-ই যেন বুঝে ওঠা যাচ্ছিল না। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ৩ রানের জয় পায় বাংলাদেশ। এই ম্যাচে সবাই খুব নার্ভাস ছিলেন এমনটাই জানিয়েছেন তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ের জিততে শেষ বলে দরকার ছিল ৫ রান। এই বল নিয়েই হয় যত নাটকীয়তা।মোসাদ্দেক হোসেন সৈকতের বলে স্টাম্পিং হয়েছিলেন ব্লেসিং মুজারাবানি। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, স্টাম্পের আগে থেকে বল ধরেছিলেন নুরুল হাসান সোহান। এটাকে নো-বল ডাকেন আম্পায়াররা। শেষ বলটা তাই হয়ে যায়  ফ্রি-হিট। আর ফ্রি-হিট বলটা মোসাদ্দেক ডট দিলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করলেন তাসকিন। বাংলাদেশের এই পেসার বলেন, ‘আমরা সবাই নার্ভাস ছিলাম। এটা খুবই দারুণ ম্যাচ ছিল। আমাদের জন্য সহজ ছিল না।’

এবারের বিশ্বকাপে দুটি ম্যাচ জেতে বাংলাদেশ। আর দুটি ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তাসকিন। ব্রিসবেনে আজ ৪ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। একটা ওভার মেডেনও দিয়েছিলেন। নিজের প্রক্রিয়ায় ফোকাস রাখার ফলাফল পাচ্ছেন বলে জানিয়েছেন তাসকিন।

তাসকিনের সঙ্গে আরেক পেসার মোস্তাফিজুর রহমানও আজ নিয়েছেন ২ উইকেট। তাসকিন মনে করেন, একঝাঁক দুর্দান্ত ফাস্ট বোলার বাংলাদেশের আছেন। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং সাপোর্টিং স্টাফকেও ধন্যবাদ জানালেন তাসকিন।

সোহানের ভুলে নো বল হওয়ার পর দলের অবস্থা কেমন ছিল, সেটিই জানিয়েছেন ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেয়া তাসকিন।

‘আমরা সবাই নার্ভাস ছিলাম। এটা খুব ভালো ম্যাচ ছিল। আমাদের জন্য খুব সহজ ছিল না। প্রথমবার শেষ বলে নো বল হওয়ার মতো এমনকিছু দেখলাম।’

নিজের সাফল্য নিয়েও বলেছেন তাসকিন। বোলিংয়ে মৌলিক প্রক্রিয়াগুলোতে মনযোগী হওয়ায় সাফল্য পাচ্ছেন। ব্রিসবেনের কন্ডিশন ফাস্ট বোলারদের জন্য সহায়ক ছিল, সেটিও বলতে কার্পণ্য করেননি।

‘দেশে আমরা ধীর উইকেটে খেলি এবং এখানে বলে দ্রুত মুভমেন্ট পাই। ফাস্ট বোলিংয়ের একটি ভালো গ্রুপ পেয়েছি। আমরা একে অপরকে সহায়তা করি এবং নিজেদের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করি।’

‘আমাদের বোলিং কোচ (অ্যালান ডোনাল্ড) এবং অন্যসব সাপোর্ট স্টাফদের কাছ থেকে দারুণ সমর্থন পাই। আশা করি আরও উন্নতি করবো।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.