Sylhet Today 24 PRINT

এই ইনিংস কিছুটা বিশেষ, জানালেন শান্ত

স্পোর্টস ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২২

এর আগের ১৪ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ছিল ৪০। ত্রিশের ঘর পার করেছেন মাত্র দুবার। একবারের বেশি পার হতে পারেননি বিশের ঘর। বাকি ম্যাচগুলোতে স্কোর উনিশের মধ্যে। অবশেষে বিশ্বকাপের মঞ্চে ১৫তম ম্যাচে এসে জিম্বাবুয়ের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত দেখা পেয়েছেন ফিফটির।

তার এই ফিফটিতে ভর করেই বাংলাদেশ জিম্বাবুয়েকে ১৫১ রানের টার্গেট দেয়। আউট হন ৫৫ বলে ৭১ রানে। বাংলাদেশ জয় পায় ৩ রানে। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় শান্ত তার ফিফটিকে বিশেষ আখ্যা দিলেন।

শান্ত বলেন, ‘আমি মনে করি এটা আমার সেরা ইনিংস। কারণ আমার প্রথম ফিফটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। কিছুটা বিশেষ আমার জন্য।’

তার ব্যাটে বাংলাদেশ ভিত পেলেও শুরুটা ছিল নড়বড়ে। মন্থর গতিতে ব্যাটিং করে যান শান্ত। তার তিন বল ডটের পর মারতে গিয়ে আউট হন লিটন দাস। একই কান্ড ঘটে সাকিব আল হাসানের সঙ্গেও। প্রথম ৩০ বলে শান্তর রান ছিল ৩০। পরের ২৫ বলে করেন ৪১ রান। এভাবে ম্যাড়মেড়ে শুরুটা নিয়ে কী ভাবছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান?

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত জানালেন তিনি স্ট্রাইকরেট নিয়ে ভাবেননি। খেলেছেন দলের চাহিদা অনুযায়ী। তিনি বলেন, ‘স্ট্রাইকরেট নিয়ে আমি চিন্তাই করিনি। বল দেখেছি, সেভাবে খেলেছি। দলের যে পরিকল্পনা ছিল সেটা মাথায় রেখে খেলার চেষ্টা করেছি। স্ট্রাইকরেট নিয়ে আমি খুব বেশি চিন্তিত না। আমার কাছে মনে হয় টিমের যে পরিকল্পনা, যে চাহিদা ছিল, সেভাবে খেলার চেষ্টা করেছি।’

বাংলাদেশ শ্বাসরুদ্ধকর এই ম্যাচ জেতায় বোলারদের দারুণ অবদান। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেছেন।  তাদের প্রশংসা করে শান্ত বলেন, ‘আমাদের বোলিং বিভাগের তাসকিন, মোস্তাফিজ, হাসান সবাই ভালো বোলিং করেছে। ভালো বিষয় সবাই সবাইকে সমর্থন করেছে। আগের থেকে উন্নতি হচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.