Sylhet Today 24 PRINT

আয়ারল্যান্ডকে চ্যালেঞ্জিং টার্গেট অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০২২

ব্যাট হাতে বরাবরই ব্যর্থ হচ্ছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তার শেষটা আবার হলো আয়ারল্যান্ডের বিপক্ষে। তবুও অধিনায়ক অ্যারন ফিঞ্চের ফিফটি ও মিডল অর্ডার ব্যাটারদের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান করেছে তারা। ফলে আইরিশদের জয়ের জন্য দরকার ১৮০ রান।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের 'গ্রুপ-১' এর ম্যাচে টস জিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আয়ারল্যান্ড। ব্রিসবেনে শুরুতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানেই ওপেনার ডেভিড ওয়ার্নারের (৩) উইকেট হারায় অজিরা। তবে এরপর ফিঞ্চ ও মিচেল মার্শের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। দুজনে মিলে যোগ করেন ৫২ রান।  

দারুণ কিছুর ইঙ্গিত দিয়েও মার্শ (২৮) ফেরেন আইরিশ পেসার ব্যারি মাকার্থির শিকার হয়ে। এরপর বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ১ ছক্কা হাঁকিয়ে ঝড় তোলার ইঙ্গিত দিয়েও ফেরেন ব্যক্তিগত ১৩ রানেই। কিন্তু ফিঞ্চ এরপর স্টইনিসকে নিয়ে রানের চাকা সচল রাখেন। ফিঞ্চ ফিফটির দেখাও পেয়ে যান। দলের সংগ্রহও ১৫০ পেরিয়ে যায় তাতে।  

অস্ট্রেলিয়া যখন বড় সংগ্রহের দিকে ছুটছে, ঠিক তখন ফের আঘাত হানেন ম্যাকার্থি। এবার ১৭তম ওভারে ম্যাকার্থির তৃতীয় শিকার হয়ে বিদায় নেন ফিঞ্চ। তবে বিদায়ের আগে অজি অধিনায়ক আজ ৪৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন।  

শেষদিকে দ্রুত রান তুলতে গিয়ে জশুয়া লিটলের বলে আউট হন স্টইনিস। এর আগে তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৫ রানের এক ইনিংস। শেষদিকে টিম ডেভিড ১০ বলে ১৫ রান এবং ম্যাথু ওয়েড ৩ বলে ৭ রান নিয়ে অপরাজিত থাকেন।

আইরিশদের হয়ে বল হাতে ৩ উইকেট নিয়েছেন মাকার্থি। দুই উইকেট জশুয়া লিটলের। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.