Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কাকে ১৪৫ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০২২

আফগান টপঅর্ডারের সবাই রান পেলেন। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারলেন না। তাই আফগানিস্তানের বোর্ডেও বড় রান জমা পড়লো না। ব্রিসবেনে লঙ্কানদের বিপক্ষে ৮ উইকেটে ১৪৪ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করিয়েছে মোহাম্মদ নবির দল। অর্থাৎ জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ১৪৫।

মঙ্গলবার ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডের টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তান। পাওয়ার প্লেতে বিনা উইকেটেই সংগ্রহ করে ৪২ রান। তবে সপ্তম ওভারের প্রথম বলেই রাহমানুল্লাহ গুরবাজকে ফেরান লাহিরু কুমারা। ২৪ বলে ২৮ রান করেন গুরবাজ। ১০ ওভারের আগে আর কোনো উইকেট হারায়নি আফগানরা, স্কোরবোর্ডে আসে ৬৮ রান।

১০ ওভারের পর বিরতি থেকে ফিরে দ্বিতীয় বলেই ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার উসমান ঘানি, ২৭ বলে ২৭ করেন এই আফগান ওপেনার। দলীয় ৯০ রানে কুমারার দ্বিতীয় শিকার হয়ে ইবরাহীম জাদরান ফিরেন ১৮ বলে ২২ রান করে। নাজিবুল্লাহ জাদরানের ব্যাটে আসে ১৬ বলে ১৮ রান।

নাজিবুল্লাহ ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। ১৪ বলে ১২ করে রান আউটের ফাঁদে পড়েন গুলবাদিন নাইব। আফগান অধিনায়ক মোহাম্মদ নাবির ব্যাটে আসে ৮ বলে ১৩ রান। রশিদ খানের ব্যাটেও এদিন আর ঝড় উঠেনি, ফিরেছেন ৯ রানে। ফলে শেষ ২৪ বল থেকে মাত্র ২৮ রান সংগ্রহ করে আফগানিস্তান।

৮ উইকেট হারিয়ে ১৪৪ রানেই থামে আফগানিস্তানের ইনিংস। মাত্র ১৩ রানে ৩ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২ উইকেট পান লাহিরু কুমারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.