স্পোর্টস ডেস্ক | ০১ নভেম্বর, ২০২২
টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। যারা কি না চলতি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল।
এখন পর্যন্ত তিন ম্যাচের ভেতর বাংলাদেশ ও ভারত দুই দলই জয়ের মুখ দেখেছে দুটি করে ম্যাচে। সেমিতে যাওয়ার লড়াইয়ে ভারতের সামনে পথটা আপাতদৃষ্টিতে বেশ সুগম। অন্যদিকে বাংলাদেশের সেমির মিশনের পথটা খুব একটা মসৃণ নয়।
নিজেদের শেষ দুই ম্যাচে জয়ের দেখা পেলেই টেবিলের তিনে থাকা বাংলাদেশের খেলার সুযোগ হবে সেমিফাইনালে। তবে ভারতকে হারাতে পারলে সে ক্ষেত্রে এক ম্যাচ জিতলেও পয়েন্টের মারপ্যাঁচে সেমিতে খেলার সুযোগ হবে বাংলাদেশের।
সেমিতে যাওয়ার মিশনে ফেভারিট ভারতকে হারানোর স্বপ্ন এখন থেকেই বোনা শুরু করেছে ক্রিকেটভক্তরা।
তবে ম্যাচের আগের দিন টাইগার দলপতি সাকিব আল হাসান শোনালেন কঠিন বাস্তবতা। ভারতকে হারানোর সম্ভাবনা বাস্তবিকপক্ষে দেখছেন না সাকিব। তার ভাষ্য মতে, ভারতকে যদি বাংলাদেশ হারায় তাহলে সেটি হবে ‘অঘটন’।
সাকিব বলেন, ‘ভারত ফেভারিট দল, তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট না, বিশ্বকাপ জিততেও আসিনি। আপনি পরিস্থিতি বুঝতে পারছেন। আমরা এটা ভালোভাবেই জানি, যদি ভারতকে হারাই, সেটা হবে আপসেট; আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলে সেটাই করতে চাই।’