Sylhet Today 24 PRINT

পূর্ণশক্তির দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে ভারত

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০২২

ডিসেম্বরের প্রথম দিনেই তিন ম্যাচের ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে ভারত। সিরিজকে সামনে রেখে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এখনো সেরে উঠতে পারেননি জাসপ্রিত বুমরাহ। তাই তার জায়গা হয়নি বাংলাদেশ সফরেও। কিন্তু ইনজুরিতে ছিটকে যাওয়া রবিন্দ্র জাদেজা ফিরছেন এই সফরে। তবে ভারতের ওয়ানডে দলে এসেছে বেশ কয়েকটি চমক। আইপিএল মাতানো রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি ও ইয়াস দয়ালেরা সুযোগ পেয়েছেন দলে।

টেস্ট দলে বিরাট কোহলি-রোহিত শর্মাদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলা কেএস ভারত। বাংলাদেশ-ভারতের এই সিরিজটি শুরু হতে যাচ্ছে ওয়ানডে দিয়ে। ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে শুরু হবে টেস্ট সিরিজ। ১৪-১৮ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। এই ম্যাচ শেষে আবারও ঢাকায় ফিরবে দুই দল।

তারপর ২২-২৬ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। ম্যাচ শেষ হওয়ার পরদিনই বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে ভারতীয় দলের।

দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজটি আইসিসি'র সুপার লিগের অংশ নয় তবে দুই ম্যাচের টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ম্যাচগুলো শুরুর সময় এখনও জানায়নি বিসিবি।

ভারতের ওয়ানডে দল

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশব পান্ত, ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ইয়াস দয়াল ও দীপক চাহার।

ভারতের টেস্ট দল

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশব পান্ত, কেএস ভারত, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.