Sylhet Today 24 PRINT

নিউজিল্যান্ডকে ১৮০ রানের চ্যালেঞ্জ ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক |  ০১ নভেম্বর, ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে হট ফেভারিট হিসেবে খেলতে এসেছিল জস বাটলারের ইংল্যান্ড দল। কিন্তু সেই ইংল্যান্ড সুপার টুয়েলভ পর্বের তিন ম্যাচ শেষে ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে। কিউইদের বিপক্ষে হারলেই বাটলারদের বিশ্বকাপ স্বপ্ন থমকে যেতে পারে আজই।

নিজেদের বাঁচা-মরার ম্যাচে ইংলিশদের পক্ষে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক বাটলার। মঙ্গলবার ব্রিসবেনের গ্যাবায় টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে বাটলারের ঝড়ো ইনিংসের সঙ্গে অ্যালেক্স হেলসের ফিফটিতে ৬ উইকেটে ১৭৯ রানের সংগ্রহ দাড় করিয়েছে ইংলিশরা। এই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে নিউজিল্যান্ডের প্রয়োজন ১৮০ রান।

এদিন ইংলিশ দুই ওপেনার বাটলার ও হেলস ওপেনিং জুটিতে দলকে দারুণ শুরু এনে দেন। ১০ ওভারে ৮০ রান তুলে ফেলেন তারা। ফিফটি হাঁকিয়ে ৪০ বলে ৭ চার ও ১ ছয়ে হেলস ৫২ রানে ফিরলে ভাঙে জুটিটি। এরপর একপ্রান্তে বাটলার একাই খেলতে থাকেন। অন্য কোনো ইংলিশ ব্যাটসম্যান খুব একটা সঙ্গ দিতে পারেননি তাকে।

চারে নেমে লিয়াম লিভিংস্টোন ১৪ বলে ২০ রান করেছেন। এছাড়া অন্য কেউ ডাবল ডিজিটেই পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত ৪৭ বলে বাটলার ৭ চার ও ২ ছয়ে ৭৩ রান করলে বড় পুঁজি পায় ইংলিশরা। কিউইদের পক্ষে দুই স্পিনার বল হাতে সফল হয়েছেন। দুইজনে ১টি করে উইকেট নিয়েছেন। তবে রান দিয়েছেন মাত্র ৭ এরও কম ইকোনমি রেটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.