Sylhet Today 24 PRINT

আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের পথে নিউ জিল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০২২

আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে নিউ জিল্যান্ড। শুক্রবার (৪ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে অ্যাডিলেড ওভালে ম্যাচে আইরিশদের ৩৫ রানে হারিয়ে কিউইরা।

টস জিতে আইরিশরা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে নিউ জিল্যান্ড।

কিউই দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে চমৎকার শুরু করেন। তাদের দুজনের ব্যাট থেকে আসে ৫২ রানের ইনিংস। অ্যালেন ১৮ বলে ৩২ রান করে ফেরেন। দ্বিতীয় উইকেট জুটিতে কনওয়ে ও অধিনায়ক কেন উইলিয়ামসন জুটি ৪৪ রান যোগ করেন। দলের ৯৬ রানে কনওয়ে ৩৩ বলে ২৮ রান করে ফেরত যান।

স্কোরবোর্ডে ১১৪ রান যোগ হতেই কিউই ধারাবাহিক পারফর্মার গ্লেন ফিলিপস মাত্র ১৭ রানে গ্যারেথ ডিলানিতে উইকেট বিলিয়ে আসেন। লম্বা বিরতির পর দলের ১৭৪ রানে চতুর্থ উইকেট হারায় নিউ জিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামসন ৩৫ বলে ৬১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন।

তার উইকেটের পর পরপর দুই বলে জেমস নিশাম ও মিচেল স্যান্টনারের উইকেট তুলে হ্যাটট্রিক পূর্ণ করেন জস লিটল। তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক ও আসরে এটি দ্বিতীয় হ্যাটট্রিক।

গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাত বনাম শ্রীলঙ্কা ম্যাচে আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন আমিরাতের মেইয়াপ্পন। নিউ জিল্যান্ডের ইনিংস থামে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রানে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো করে আয়ারল্যান্ড। তাদের ওপেনিং জুটি ৬৮ রানের পার্টনারশিপ গড়ে। অধিনায়ক অ্যান্ডি বালবিরনি আউট হলে প্রথম উইকেট হারায় তারা। তিনি ২৫ বলে ৩০ রান করেন। মাত্র দুই রানের ব্যবধানে দ্বিতীয় উইকেট হারায় তারা। এবার পল স্টার্লিং আউট হন ব্যক্তিগত ২৭ বলে ৩৭ রানে।

পরের উইকেটও খুব দ্রুত তুলে নেয় কিউইরা। হ্যারি টেকটর মাত্র ২ রানে ফেরেন। দলের ৯৪ রানে গ্যারেথ ডিলানি ১০ রানে প্যাভিলিয়নে ফেরেন।

আইরিশদের একের পর এক উইকেট পতনে একমাত্র প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জর্জ ডকরেল। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ২৩ রান। নির্ধারিত ২০ ওভারে আইরিশদের ইনিংস থামে ৯ উইকেটে ১৫০ রানে। নিউ জিল্যান্ড জয় পায় ৩৫ রানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.