Sylhet Today 24 PRINT

আফগানিস্তানকে হারিয়ে সেমির স্বপ্নে অস্ট্রেলিয়া, বাদ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০২২

আফগানিস্তানকে ৪ রানে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়া। শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার করা ১৬৮ রানের জবাবে আফগানিস্তান থামে ১৬৪ রানে। ব্যাটিং ও ফিল্ডিংয়ে নজরকাড়া পারফরম্যান্স করে অজিদের ম্যাচ জয়ের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

সেমির লড়াইয়ে টিকে থাকতে এ ম্যাচটা জিততেই হতো অস্ট্রেলিয়াকে। অন্যদিকে বৃষ্টির কারণে দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আগেভাগেই বিশ্বকাপ শেষ আফগানিস্তানের। কারণ বাকি দুই ম্যাচের একটিতেও জয়ের কাছাকাছি যেতে পারেনি মোহাম্মদ নবির দল।

ঘরের মাঠে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে শুরু করে অস্ট্রেলিয়া। অধিনায়ক ফিঞ্চের বদলি হিসেবে নামা ক্যামেরন গ্রিন অবশ্য তেমন কিছুই করতে পারেননি। আউট হয়েছেন ৩ রান করে। মারকুটে ব্যাটিংয়ে ভালো শুরু পেয়ে ২৫ রানে থামেন ডেভিড ওয়ার্নার।

দলে সুযোগ পেয়ে স্মিথও ছিলেন অনুজ্জ্বল। ৪ বলে ৪ রান করে ফিরেছেন নাভিনের বলে এলবিডব্লিউ হয়ে। ইনিংসের মাঝের দিকে রানের গতি বাড়ান মিচেল মার্শ। ৩০ বলে তার ৪৫ রানের ইনিংসটি বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছে অজিদের।

মার্শের বিদায়ের পর দায়িত্ব নিয়ে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টোয়িনিস। স্টোয়িনিস ২৫ রানে ফিরলেও শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন ম্যাক্সি। ৩২ বলে তার ৫৪ রানের অপরাজিত ইনিংসে ১৬৮ রান করে অস্ট্রেলিয়া।

বড় লক্ষ্যতাড়ায় ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই প্রতিরোধ দেখিয়েছে আফগানিস্তান। দলীয় ১৫ রানে ওপেনার উসমান গনি ফিরলেও লড়াই জমিয়ে রাখেন রহমানউল্লাহ গুবরাজ। ৩০ রান করা গুবরাজকে রিচার্ডসন ফেরাতলেও ঠেকাতে পারেনিনি আফগানদের।

৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়ে যান গুলবাদিন নায়েবও। তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরানকে নিয়ে গড়েন ৫৯ রানের জুটি। ম্যাচ যখন পুরোপুরি আফগানদের নিয়ন্ত্রণে তখনই ভাগ্যের ফেরে আটকে যায় নবির দল। মিডউইকেট থেকে ম্যাক্সওয়েলের করা থ্রো স্ট্যাম্পে লাগলে ফেরেন গুলবাদিন।

পরের বলেই সাজঘরে ফেরেন আরেক সেট ব্যাটার ইব্রাহিম। একই ওভারে জাম্পা ফেরান নাজিবুল্লাহ জাদরানকেও। শেষদিকে রশিদ খানের ঝড়ো ব্যাটিংয়ে কিছুটা জয়ের সম্ভাবনা জাগলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় আফগানদের।

৪ রানে জিতে সেমিফাইনালের স্বপ্নটা টিকে থাকল অস্ট্রেলিয়ার, তবে শেষ চারে যেতে এখন আগামীকাল ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। সেখানে ইংল্যান্ড জয় না পেলেই শুধু সেমিফাইনালে যাবে এখনকার বিশ্ব চ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার জয়ে অবশ্য শেষ হয়ে গেছে শ্রীলঙ্কার সেমিফাইনাল-স্বপ্ন। কাল ইংল্যান্ডকে হারালেও তাদের পয়েন্ট হবে ৬, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট ৭ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.