Sylhet Today 24 PRINT

জিম্বাবুয়েকে ১৮৬ রানের লক্ষ্য দিল ভারত

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০২২

লোকেশ রাহুলের ফিফটির পর বিবর্ণ ছিল ভারতের ব্যাটিং পারফরম্যান্স। তবে সূর্যকুমার যাদব আবারও দলকে টেনে তুললেন। মাত্র ২৩ বলে ফিফটি করা এই ব্যাটসম্যানের ব্যাটে ৫ উইকেটে ১৮৬ রান করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেই জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে ভারত, জিতলে গ্রুপ-২ এর শীর্ষে থাকবে তারা।

চতুর্থ ওভারে ২৭ রানে রোহিত শর্মাকে ফিরিয়ে দারুণ শুরু করে জিম্বাবুয়ে। ব্লেসিং মুজারাবানি ১৫ রানে তাকে ওয়েলিংটন মাসাকাদজার ক্যাচ বানান। তারপর বিরাট কোহলির সঙ্গে লোকেশ রাহুলের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা।

কিন্তু ১২তম ওভারে কোহলিকে (২৬) শন উইলিয়ামস ফিরিয়ে দারুণ ব্রেকথ্রু আনেন। নিজের পরের ওভারে ঋষভ পান্তকেও আউট করেন তিনি। মাঝে ৩৪ বলে হাফ সেঞ্চুরি করার পরের বলে ৫১ রানে বিদায় নেন লোকেশ রাহুল। সিকান্দার রাজা নেন এই উইকেট।

১০১ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। ক্রিজে জুটি বাঁধেন হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব। তাদের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। পঞ্চম উইকেটের এই জুটি মাত্র ২৭ বলে হাফ সেঞ্চুরি করে। ২৩ বলে আসরের তৃতীয় ফিফটি করেন সূর্যকুমার যাদব।

হার্দিক পান্ডিয়া ১৮ বলে ১৮ রান করে আউট হলে ভাঙে ৬৫ রানের জুটি। সূর্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে একশ আশির উপরে নেন। ২৫ বলে ৬ চার ও ৪ ছয়ে ৬১ রানে খেলছিলেন তিনি। ৫ ‍উইকেটে ১৮৬ রান ভারতের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.