Sylhet Today 24 PRINT

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: রিয়াল-লিভারপুল, বায়ার্ন-পিএসজি মুখোমুখি

স্পোর্টস ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০২২

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও রানার্সআপ লিভারপুল।

সুইজারল্যান্ডের নিয়নে সোমবার ২০২২-২৩ আসরের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়।

গত আসরে দুই ফাইনালিস্টের লড়াই কেবল শেষ কথা নয়, এরবাইরেও রোমাঞ্চের দেখা মিলবে পিএসজি-বায়ার্ন মিউনিখ ম্যাচেও। গ্রুপপর্বে বেনফিকার সঙ্গে পিএসজির ম্যাচ, জয়, ড্র, হার, পয়েন্ট, নিজেদের গোল, অ্যাওয়ে গোল সবকিছুই সমান হয়ে গিয়েছিল।

রিয়ালের জন্য এই লড়াই শ্রেষ্ঠত্ব ধরে রাখার হলেও, লিভারপুলের জন্য সেটি হবে প্রতিশোধের। এর আগে ২০১৮ সালেও ফাইনালে রিয়ালের বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হয়েছিল ‘অল রেড’রা। পরবর্তীতে অ্যাওয়ে গোলে পিছিয়ে পড়ে গ্রুপ রানার্সআপ হতে হয়েছিল পিএসজিকে। গ্রুপ রানার্সআপ হওয়ার পর হতাশার কথাও বলেছিলেন দলের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে।

পাশাপাশি অবশ্য বড় দলকে হারিয়েই যে শিরোপা জিততে হবে সেটিও মনে করিয়ে দিয়েছিলেন এই ফরাসি তারকা। এমবাপ্পের এই মন্তব্য বৃথা যায়নি। সাবেক চ্যাম্পিয়ন ও বার্সেলোনার বিদায়ের নেপথ্যে থাকা বায়ার্ন মিউনিখকেই শেষ ষোলোতে সামনে পেলেন মেসি-নেইমার-এমবাপ্পেরা।

২০২০ সালে বায়ার্নের কাছেই ফাইনালে হেরেছিল পিএসজি। তাই লিভারপুলের মতো পিএসজির জন্যও এটি প্রতিশোধের ম্যাচ। এই দুটি বড় লড়াইয়ের কারণে অন্য লড়াইগুলো কিছুটা আড়ালে পড়েছে। তবে সেই ম্যাচগুলোতেও দেখা মিলতে উত্তাপের। এসি মিলান-টটেনহাম, বরুসিয়া ডর্টমুন্ড-চেলসি, ফ্রাঙ্কফুর্ট-নাপোলির লড়াইয়েও কেউ কাউকে ছেড়ে কথা বলবে না।

কে কার প্রতিপক্ষ

আরবি লাইপজিগ : ম্যানচেস্টার সিটি

ব্রুগা : বেনফিকা

লিভারপুল : রিয়াল মাদ্রিদ

এসি মিলান : টটেনহাম

ফ্রাঙ্কফুর্ট : নাপোলি

বরুসিয়া ডর্টমুন্ড : চেলসি

ইন্টার মিলান : পোর্তো

পিএসজি : বায়ার্ন মিউনিখ

* প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১৪, ১৫, ২১ ও ২২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় লেগ অনুষ্ঠিত ৭, ৮, ১৪ ও ১৫ মার্চ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.