Sylhet Today 24 PRINT

প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বুধবার (৯ নভেম্বর) দুপুর ২টায়।

দুই দলের একাদশে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ সুপার টুয়েলভে সবশেষ ম্যাচে যে একাদশ নিয়ে খেলেছে দুই দল, ফাইনালে উঠার লড়াইয়েও অপরিবর্তিত একাদশ থাকছে।

১৯৯২ সালের বিশ্বকাপের পুনর্মঞ্চায়নের লক্ষ্য বাবর আজমদের। নানা চড়াই-উতরাই পেরিয়ে শীর্ষ চারে আসায় স্বপ্নবাজও তারা। অন্যদিকে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের নিয়ে সতর্ক নিউজিল্যান্ড।

এ যেন ৩০ বছর আগের অকল্যান্ডের সেই সেমিফাইনালের পুনরাবৃত্তি। মার্টিন ক্রোর দলকে ৪ উইকেটে হারিয়ে ১৯৯২ সালের বিশ্বকাপের ফাইনালে উঠে যায় পাকিস্তান। সেবারও ইমরানের দলটা ধুঁকতে ধুঁকতে শিরোপার মঞ্চে উঠেই বাজিমাত করেছিল। তিন দশক পর আবারও কি হবে সে ঘটনার পুনর্মঞ্চায়ন? এবারও যে একই পথে শীর্ষ চারে উঠেছে পাকিস্তান। প্রতিপক্ষ নিউজিল্যান্ড সে আসরের মত এবারও দাপটের সঙ্গেই পা রেখেছে সেমির মঞ্চে।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজেও স্বাগতিকদের হারিয়ে শিরোপা জয় করেছিল পাকিস্তান। খাদের কিনারা থেকে শীর্ষ চারে পৌঁছে যাওয়ায় স্বপ্নবাজ পাকিস্তান। ব্যাট হাতে শান মাসুদ, ইফতেখাররা ছন্দে আছেন। তবে, এখনও নিজেদের হারিয়ে খুঁজছেন সেরা ওপেনিং জুটির তকমা পাওয়া বাবর-রিজওয়ান। শাদাব খান প্রস্তুত তার স্পিন বিষে প্রতিপক্ষকে ছারখারের আশায়। শুরুটা বাজে হলেও ছন্দে ফিরেছেন শাহীন শাহ আফ্রিদি।

প্রতিপক্ষ নিউজিল্যান্ডের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এখনও অধরাই আছে। তবে, এবার গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদিরা আশা দেখাচ্ছেন কিউইদের। এক সেঞ্চুরিতে ব্যাট হাতে দলটির মূল ভরসা ফিলিপস। ম্যাচের আগের দিন পাকিস্তান বিশ্রামে কাটালেও অনুশীলনে ঘাম ঝরিয়েছে নিউজিল্যান্ড। চেনা কন্ডিশনেও বাবরদের নিয়ে সতর্ক উইলিয়ামসন।

টি-টোয়েন্টিতে পরিসংখ্যানের পাতায় আধিপত্য পাকিস্তানের। ২৮ বারের দেখায় ১৭ জয় বাবরদের। ১১টি ম্যাচ জিতেছে নিউজিল্যান্ড।

পাকিস্তানের একাদশ
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ড একাদশ
ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ডেরিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.