Sylhet Today 24 PRINT

কাতার বিশ্বকাপ: খোলামেলা পোশাক পরলেই হতে পারে জেল

স্পোর্টস ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০২২

চলতি মাসের ২০ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল। তবে প্রথমবারের মতো বিশ্বকাপটা মুসলিম দেশ কাতারে হওয়ায় বেশ কিছু নির্দেশনা জারি করেছে দেশটি। নতুন নির্দেশনা অনুযায়ী, কাতারে দর্শকরা খোলামেলা পোশাক পরতে পারবে না। তাদের সব সময় শরীর ঢেকে রাখতে হয়। বিশ্বকাপ দেখতে আসা নারী সমর্থকদেরও সেটা মেনে চলতে হবে। কোনো নারী দর্শক খোলামেলা পোশাক পরলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। যেতে হতে পারে জেলে।

জানা গেছে, কাতারে পা রাখা বিদেশি সমর্থকদের জানিয়ে দেওয়া হচ্ছে, তারা যেন খোলামেলা পোশাক না পরে। মূলত কাঁধ ও হাঁটু ঢেকে রাখতে হবে তাদের। তবে দর্শকদের কোনও বিশেষ পোশাক পরতে বলা হচ্ছে না বলে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

ওই সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, দর্শকরা নিজেদের পছন্দের পোশাকই পরতে পারেন। তবে খোলামেলা পোশাক পরা যাবে না। শুধু স্টেডিয়াম নয়, মিউজিয়াম ও অন্যান্য সরকারি দপ্তরে গেলেও শরীর ঢাকা পোশাক পরতে হবে তাদের।

এ ব্যাপারে কাতার বিশ্বকাপের চিফ টেকনোলজি অফিসার নিয়াস আব্দুলরহিমান বলেছেন, ‘স্টেডিয়ামে আমরা অত্যাধুনিক ক্যামেরা বসিয়েছি। সেই ক্যামেরার সাহায্যে বিশেষ একটি আসনের দিকেও ভাল করে লক্ষ্য রাখা যাবে। পুরো বিষয়টা রেকর্ড করা হবে। তা হলে পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা রেকর্ডিং দেখতে পারব। দর্শকদের পোশাকের দিকে নজর রাখব আমরা।’

ফিফা অবশ্য জানিয়েছে, দর্শকরা চাইলে যেকোনো পোশাক পড়তে পারবেন। সেটা তাদের ইচ্ছার উপর নির্ভর করছে। কিন্তু দর্শকদের কাছে অনুরোধ করা হচ্ছে, আয়োজক দেশের আইনের কথা মাথায় রেখে যাতে তারা পোশাক পড়েন।

এর আগে ম্যাচ চলাকালীন অ্যালকোহল পানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল দেশটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.