Sylhet Today 24 PRINT

স্টেডিয়াম এলাকায় বিয়ার বিক্রি নিষিদ্ধ করলো কাতার

স্পোর্টস ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০২২

হঠাৎই নতুন সিদ্ধান্ত। কাতার বিশ্বকাপে স্টেডিয়াম এলাকায় বিয়ার বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) এমনটিই জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আয়োজক দেশ কাতারের সঙ্গে ‘আলোচনার’ পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় ফিফা।

কারণ কাতার একটি ইসলামী রাষ্ট্র, যেখানে এমনিতেই অ্যালকোহল গ্রহণের উপর কঠোর বিধিনিষেধ রয়েছে।

তবে আকস্মিক এই সিদ্ধান্ত গ্রহণের কোনো কারণ জানায়নি ফিফা। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ফ্যান জোনে অ্যালকোহল পাওয়া যাবে উল্লেখ করে বলা হয়, ‘কাতার বিশ্বকাপে স্টেডিয়ামের চারদিক থেকে বিয়ার বিক্রির পয়েন্টগুলো সরিয়ে নেওয়া হবে।’

আগামী রবিবার (২০ নভেম্বর) কাতার বনাম ইকুয়েডর মধ্যকার উদ্বোধনী ম্যাচ উপলক্ষে ইতোমধ্যে স্টেডিয়ামগুলোর চারদিকে কয়েক ডজন বিয়ার বিক্রির স্টল বসানো হয়েছিল। ২৯ দিনব্যাপী এই টুর্নামেন্ট উপলক্ষে এক মিলিয়নেরও বেশি লোক কাতার ভ্রমণ করবে বলে ধারণা করছে আয়োজকরা। অন্যদিকে এবি ইনবেভের মালিকানাধীন বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাডওয়াইজারের সঙ্গে ফিফার রয়েছে দীর্ঘমেয়াদি চুক্তি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এবি ইনবেভ বিষয়টি অনুধাবন করে কাতার বিশ্বকাপ চলাকালে সহায়তা করায় তাদের প্রশংসা করছে টুর্নামেন্টের আয়োজকরা।’

অবশ্য স্টেডিয়ামের ভিআইপি সুইটগুলোতে পর্যাপ্ত বিয়ার পাওয়া যাবে। যেগুলো বিক্রি করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ ছাড়া দোহায় অবস্থিত ফিফার ফ্যান জোন, কিছু প্রাইভেট ফ্যান জোন এবং ৩৫টি হোটেল ও রেস্টুরেন্টে পাওয়া যাবে বিয়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.