Sylhet Today 24 PRINT

পর্দা উঠছে কাতার বিশ্বকাপের

স্পোর্টস ডেস্ক |  ২০ নভেম্বর, ২০২২

শেষ হতে যাচ্ছে অপেক্ষার প্রহর, সাধারণত ৪ বছর পরপর আসা ফুটবল বিশ্বকাপের জন্য এবার অপেক্ষা করতে হয়েছে আরও ৫ মাস বেশি। সেজন্যই কিনা উন্মাদনাটাও অন্যান্যবারের থেকে একটু হলেও বেশিই মনে হচ্ছে।  কাতার এবং ইকুয়েডরের মধ্যেকার ম্যাচ দিয়ে ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ। বাংলাদেশ সময় রাত ১০ টায় আল বাইত স্টেডিয়ামে বাজবে এবারের বিশ্বকাপের প্রথম বাঁশি।

এইবারের বিশ্বকাপের মূল আয়োজক পারস্য উপসাগরের উপকূলীয় দেশ কাতার। এবারের আসরে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে ফিফা অন্তর্ভূক্ত ৩২টি জাতীয় ফুটবল দল।

এর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। কাতারের রাজধানী দোহার কেন্দ্র থেকে ৪০ কি.মি. দূরে আল খোরে অবস্থিত আল বায়েত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ। স্টেডিয়ামটিতে মোট ৬০ হাজার দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবে।

বাংলাদেশ সময় রাত ৮.০০ টা থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা। তবে কারা কারা এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন, তার তালিকা এখনও সম্পূর্ণভাবে প্রকাশ করেনি ফিফা। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে কাতার আসবেন সদ্য বাংলাদেশি দর্শকদের মনে হাওয়া জাগিয়ে যাওয়া ভারতের সুপারস্টার আইকন এবং ‘দিলবারখ্যাত’ নোরা ফাতেহি। তাছাড়াও ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’-র গায়িকা কলম্বিয়ান পপতারকা শাকিরারও যোগ দেয়ার কথা উদ্ধোধনী অনুষ্ঠানে।

এরসঙ্গে পারফর্ম করবেন, দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড ‘বিটিএস’- এর জানকুক, ব্ল্যাক আয়েড পিস, রবি উইলিয়ামস প্রমুখ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব। শোনা গিয়েছিল, ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা থাকবেন। তবে এই শিল্পী নিজেই তা অস্বীকার করেছেন। কাতারের পক্ষ থেকে বিশাল অর্থে আমন্ত্রণ জানানো হয়েছিল বিখ্যাত পপ গায়ক রড স্টুয়ার্টকে। কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।

তাছাড়াও এবারের বিশ্বকাপে সকল দর্শকদের জন্য রয়েছে বিনামূল্যে ফিফার ফ্যান ফেস্টিভ্যাল দেখার সুযোগ। দোহার আল বিদ্দা পার্কে এক মাস ধরে চলা এই অনুষ্ঠানে প্রতিদিনই পারফর্ম করবেন বিভিন্ন দেশের  খ্যাতনামা শিল্পীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.