Sylhet Today 24 PRINT

স্বস্তির জয়ে প্রত্যাবর্তন রাঙাল নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক |  ২২ নভেম্বর, ২০২২

সাদিও মানের অনুপস্থিতি ভালোই টের পেয়েছে সেনেগাল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে তারা নেদারল্যান্ডসের বিপক্ষে।

সোমবার (২১ নভেম্বর) আল থুমামা স্টেডিয়ামে আফ্রিকান নেশনস কাপ বিজয়ী সেনেগাল হার মানে ২-০ গোলে। ডাচদের হয়ে গোল করেছেন কোডি গাকপো ও ড্যাভি ক্লাসেন।

গত আসরে বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি নেদারল্যান্ডস। কোচ লুই ফন গালের নেতৃত্বে যেন পুনর্জাগরণ ঘটেছে ডাচ ফুটবলে। এর প্রমাণও মিলল বিশ্বকাপে।

ম্যাচের শুরুতে প্রথম আক্রমণে যায় সেনেগাল। প্রথম পাওয়া কর্নার থেকে গোল আদায় করতে পারেনি সেনেগাল।

চতুর্থ মিনিটে ডি বক্সে বারউইন, ১৯তম মিনিটেও ব্যর্থ হন ফ্রাঙ্কি ডি ইয়ং। ডি-বক্সের বাইরে বল পেয়ে শট নিতে দেরি করেন। ফলে তার সামনে জটলা বাধিয়ে দেয় সেনেগালের ফুটবলাররা। শট নেওয়া হয়নি তার।

এরপর প্রথমার্ধে আরও কয়েকবার দুই দল আক্রমণ-প্রতি আক্রমণে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আর এগিয়ে যাওয়া হয়নি দুই দলের। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরেও দুই দল সমানে সমানে লড়াইয়ের চেষ্টা করেছে। ম্যাচের ৫৫তম মিনিটে হলুদ কার্ড দেখেন নেদারল্যান্ডসের ম্যাথিউ ডি লিট। এর ছয় মিনিট পর মেমফিস ডিপাইকে মাঠে নামান কোচ। বলের দখল বেশিরভাগ সময় ডাচদের কাছে থাকলেও শট কিংবা ম্যাচে আধিপত্য বিস্তার করেছিল সেনেগালই। আলিউ সিসের শিষ্যরা দুই দুইবার ডাচ গোলরক্ষকে ফেলেছিল বড় পরীক্ষায়।

শেষ পর্যন্ত প্রথম গোল আসে ম্যাচের ৮৪তম মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের নেওয়া শট মাথা ছুঁয়ে জালে জড়িয়ে দেন গাকপো। পোস্ট ছেড়ে বেরিয়ে এসে তালগোল পাকিয়ে ফেলেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দো মেন্ডি।

ধারণা করা হচ্ছিল হয়তো এই গোলেই নির্ধারণ করে দিবে ম্যাচের ভাগ্য। কিন্তু শেষ বাঁশি বাজার আগে ফের গোল ডাচদের। এবার মেমফিসের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও হাতে জমাতে পারেননি বল, আগুয়ান ড্যাভি ক্লাসেনের শট ফের জড়ায় জালে। ২-০ গোলে ম্যাচ জিতে নেয় নেদারল্যান্ডস।

‘এ’ গ্রুপের অপর খেলায় উদ্বোধনী দিনে কাতারকে হারিয়েছে ইকুয়েডর।

২৫ নভেম্বর নেদারল্যান্ডস গ্রুপে পরের ম্যাচটা খেলবে ইকুয়েডরের বিপক্ষে। একই দিনে সেনেগাল খেলবে কাতারের বিপক্ষে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.