স্পোর্টস ডেস্ক | ২২ নভেম্বর, ২০২২
এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গী সৌদি আরব, পোল্যান্ড ও মেক্সিকো। শেষের দুই দলই খেলতে চায় টুর্নামেন্টের নকআউট পর্বে। তাদের ইচ্ছা পূরণ হলে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়তে হবে মেসির দলকে, বাদ পড়বে সৌদি আরবও।
বিশ্বকাপে খেলার সমৃদ্ধ অভিজ্ঞতাসম্পন্ন মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার মিশন শুরু হবে পোল্যান্ডের। শুরু থেকেই নিজেদের সেরাটা দিয়ে নকআউট পর্ব নিশ্চিত করা পোল্যান্ডের লক্ষ্য। মেক্সিকোর মূল লক্ষ্য ভালো খেলা উপহার দেয়া।
পোল্যান্ড এবং মেক্সিকো- দুই দেশই এর আগে মুখোমুখি হয়েছে আট বার। দু’দলই তিন বার করে জিতেছে। এবং দুটি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপে ৪৪ বছর পর মুখোমুখি হতে চলেছে দুই দেশ। ১৯৭৮ সালে শেষ বার মুখোমুখি হয়েছিল মেক্সিকো এবং পোল্যান্ড। সেই ম্যাচ ৩-১ গোলে জিতেছিল পোল্যান্ড।
এ নিয়ে টানা অষ্টম বিশ্বকাপে খেলছে মেক্সিকো। বিশ্বকাপে মোট ৫৭টি ম্যাচ খেলেছে মেক্সিকো। যদিও কোনও দিন বিশ্বকাপ ফাইনালে পৌঁছতে পারেনি তারা। এর মধ্যে গত সাতটি আসরেই শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে তাদের। আর্জেন্টিনার সাবেক বস ও খেলোয়াড় জেরার্ডো মার্টিনোর লক্ষ্য এবার সেই ধারা ভেঙে আরও একটু এগিয়ে যাওয়া। ২০১৯ সালের জানুয়ারি থেকে এল ট্রাইদের দায়িত্বে আছেন মার্টিনো।
কাতার বিশ্বকাপ পোল্যান্ডের নবম বিশ্বকাপ। গত আটটি বিশ্বকাপেই নকআউট পর্যায়ে পৌঁছতে পেরেছে তারা। পোল্যান্ডও ১৯৮৬ সালের পর থেকে গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি। গত তিনটি ২০০২, ২০০৬ ও ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্বেই হোঁচট খেয়েছিল পোল্যান্ড। প্রতি আসরেই একটি ম্যাচে জয় ও দুটিতে পরাজিত হয়ে বিদায় নিতে হয়। এর আগে ১৯৭৪ ও ১৯৮২ সালে তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করা ছিল এ পর্যন্ত পোল্যান্ডের সেরা অর্জন। কিন্তু এবার সেই অচলায়তন ভাঙতে চায় রবার্ট লেওয়ান্ডোভিস্কর দল।
পোল্যান্ডের ভালো খেলা নির্ভর করছে রবার্ট লেওয়ান্ডোভস্কির ওপর। পুরো জাতিই তার দিকে তাকিয়ে। চার বছর আগে গ্রুপ পর্বে একটি ম্যাচেও গোল করতে না পারা এ তারকা এবারের বিশ্বকাপে প্রথম গোলের সন্ধানে রয়েছেন। ৩৪ বছর বয়সি এই তারকা স্ট্রাইকার গোলখরা কাটানোর জন্য বদ্ধপরিকর। মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচেই তিনি লক্ষ্যপূরণ করতে চান।