Sylhet Today 24 PRINT

বাঁচা-মরার লড়াইয়ে কাতার-সেনেগাল

স্পোর্টস ডেস্ক |  ২৫ নভেম্বর, ২০২২

উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের কাছে হেরে বিশ্বকাপ শুরু স্বাগতিক কাতারের। অন্যদিকে নেদারল্যান্ডসের সঙ্গে দুর্দান্ত লড়াই করেও হেরে যায় সেনেগাল। ‘এ’ গ্রুপে দুই দলেরই হারের ব্যবধান সমান ২ গোল। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে না পারলেই গ্রুপপর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের। কঠিন সমীকরণে পড়ে কাতারের মুখোমুখি হচ্ছে সেনেগাল। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় আল থুমামা স্টেডিয়ামে টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে দুই দল।

প্রথমবার বিশ্বকাপে সুযোগ পাওয়া কাতার অভিষেক ম্যাচে ছন্নছাড়া ফুটবল খেলেছে। ইকুয়েডরের আক্রমণের সামনে বেশ অসহায় দেখা যায় তাদের রক্ষণকে। উল্টো দিকে ডাচদের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল সেনেগাল। সাদিও মানের চোট দারুণভাবে ভুগিয়েছে দলটির আক্রমণভাগকে। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোলবঞ্চিত ছিল আফ্রিকান নেশন্স লিগ চ্যাম্পিয়নরা।

মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বকাপ। প্রথমবার বৈশ্বিক টুর্নামেন্টে খেলার সুযোগ মিলেছে কাতারের। কিন্তু যেভাবে শুরু করেছে তারা, আজ সেনেগালকে রুখতে না পারলে সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে স্বাগতিকদের। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষে আনুষ্ঠানিক ম্যাচ ছাড়া আর কিছুই বাকি থাকবে না তাদের। তবে স্বাগতিকদের হারাতে পারলেই নক আউটের আশা টিকে থাকবে সেনেগালের। শেষ ম্যাচে টিকে থাকার লড়াই হবে ইকুয়েডরের বিপক্ষে।

প্রতিপক্ষ হিসেবে কাতার-সেনেগাল উভয়ই অপরিচিত। বিশ্বকাপের এর আগে কখনো মুখোমুখি হয়নি তারা। তবে স্বাগতিক হওয়া এবং সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, এগিয়ে আছে কাতার। অন্যদিকে সাদিও মানের না থাকায় আক্রমণভাগ আরও একবার ভোগাতে পারে সেনেগালকে। অবশ্য সব পরিসংখ্যান বদলে দেবে মাঠের ৯০ মিনিটে এগিয়ে থাকা দলটিই।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.