স্পোর্টস ডেস্ক | ২৫ নভেম্বর, ২০২২
দুই দলই বিশ্বকাপ শুরু করেছে জয় দিয়ে। নেদারল্যান্ডস ২-০ গোলে নিজেদের প্রথম ম্যাচে হারায় সেনেগালকে। আর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে একই ব্যবধানে পরাজিত করে ইকুয়েডর।
আজ শুক্রবার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় গ্রুপ-এতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস ও ইকুয়েডর। টানা দ্বিতীয় জয় পেয়ে নক আউট পর্ব নিশ্চিত করতে চায় দুই দলই।
অভিজ্ঞ কোচ লুই ফন হালের অধীনে থাকা নেদারল্যান্ডস ২০১৮ বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। ফিরে এসে নিজেদের সেরা ফুটবল খেলার লক্ষ্য জানিয়েছেন ফন হাল।
সেনেগালের বিপক্ষে সহজে জয় পায়নি ডাচরা। ৮৪ মিনিট পর্যন্ত গোলের অপেক্ষায় থাকতে হয়েছে। শেষ সময়ে কোডি গ্যাকপো ও ডেভি ক্লাসেনের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
নেদারল্যান্ডস যদি গ্রুপ-এর শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে যায় তবে শেষ ১৬তে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ-বির রানার্স-আপ। এক্ষেত্রে ইংল্যান্ড, ওয়েলস, যুক্তরাষ্ট্র কিংবা ইরানের মধ্যে যেকোন একটি দলকে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে।
তাদের প্রতিপক্ষ ইকুয়েডর প্রমাণ করেছে তারা অঘটনে সক্ষম। নিজেদের প্রথম ম্যাচে অলআউট ফুটবল খেলে কাতারকে কোনো সুযোগই দেয়নি তারা।
কাতারের বিপক্ষে ইকুয়েডরের দুই গোলের নায়ক এনার ভালেন্সিয়া হাঁটুতে ব্যাথা পান। সেটা গুরুতর না হওয়ায় ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ স্ট্রাইকার ডাচদের বিপক্ষে শুরু থেকে মাঠে থাকবেন বলে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৩৭ গোল করেছেন ভালেন্সিয়া।
দ্বিতীয় ম্যাচে একটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ইকুয়েডরের কোচ গুস্তাভো আলফারো। ফরোয়ার্ড লাইনে মাইকেল এসত্রাদার জায়গায় জেরেমি সারমিয়েনতোর খেলার সম্ভাবনাই বেশি।