Sylhet Today 24 PRINT

সৌদি আরবকে সামলানোর পরীক্ষা পোল্যান্ডের

স্পোর্টস ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০২২

গ্রুপপর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের দারুণ জয় পেয়েছে সৌদি আরব। এতে করে গ্রুপ ‘সি’র পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে দলটি। প্রথম খেলা শেষে আর্জেন্টিনা, পোল্যান্ড বা মেক্সিকোকে টপকে মধ্যপ্রাচ্যের দেশটি যে টেবিলের শীর্ষে থাকবে, তা অনেকের কাছে ছিল অকল্পনীয়।

বিশ্বকাপে ঐতিহাসিক জয়ের পর গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ জয়ে আত্মবিশ্বাসী সৌদি আরব। ফিফা র‍্যাঙ্কিংয়ের ৫১তম দলটি পরের দুই ম্যাচে চাপে রাখবে র‍্যাঙ্কিংয়ের ১৩তম দল মেক্সিকো ও ২৬তম পোল্যান্ডকে।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে নামবে সৌদি। এ ম্যাচে জয় পেলেই শেষ ১৬ নিশ্চিত হয়ে যাবে দলটির। এমনটা সত্যি হলে ১৯৯৪ সালের পর প্রথমবার দেশটি নকআউট পর্বে উঠবে।

মেক্সিকোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রবার্ট লেওয়ানডোভস্কি পেনাল্টি মিস করায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় পোল্যান্ডকে। এবার পোল্যান্ডের সামনে উড়তে থাকা সৌদি আরবকে সামলানোর পরীক্ষা।

অন্যদিকে বিশ্বকাপে অন্যতম বড় অঘটন ঘটিয়ে সৌদি এখন ফুরফুরে মেজাজে। এ ম্যাচে পোল্যান্ডের জয়ের বিকল্প নেই। কেননা প্রথম ম্যাচে পরাজিত আর্জেন্টিনা আর কোনোভাবেই পরের দুই ম্যাচে ছাড় দিতে চাইবে না।

৩৬ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনাকে সব পরিসংখ্যানের বাইরে গিয়ে হারিয়েছে সৌদি আরব। ৩১ বছর বয়সী সালেম আল-ডওসারির দুর্দান্ত ফিনিশিংয়ে সৌদির জয় নিশ্চিত হয়। সবুজ বাজপাখিদের দারুণ স্ট্র্যাটেজি, বিপজ্জনক লাইনআপ ও ১০ বার আর্জেন্টাইনদের অফসাইড ফাঁদে ফেলার গতি দেখে পোল্যান্ডকে বাধ্য হয়েই সতর্ক থাকতে হবে।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মধ্যমাঠে সৌদির মোহাম্মদ কানো নিজের দায়িত্ব দারুণভাবে পালন করেছেন। রক্ষণভাগে হাসান আল তামবাক্তি দেখিয়ে দিয়েছেন ঘর সামলানোর কৌশল।

প্রথম ম্যাচে কিছুটা ইনজুরিতে থাকা ক্রিস্টিয়ান বিয়েলিক ও আরটো বেরেসিজিনস্কিকে নিয়ে কোনো শঙ্কা নেই পোল্যান্ডের। দলীয় সূত্র জানিয়েছে, দুজনই শনিবারের ম্যাচের জন্য ফিটনেস পরীক্ষায় পাস করেছেন।

তিন পয়েন্টের জন্য মরিয়া হয়ে মাঠে নামা দলটির মূল একাদশে বাড়তি শক্তি জোগাবেন ইউভেন্তাস তারকা আরকাডিয়াস মিলিক।

এদিকে চোয়ালের সফল অস্ত্রোপচার শেষে সৌদি আরবের ফুল-ব্যাক ইয়াসি আল-শাহরানি দেশে ফিরেছেন। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে নিজ দলের গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়েসিরের সঙ্গে বাজেভাবে ধাক্কা লেগে চোয়ালের হাড়ে চিড় ধরেছিল আল-শাহরানির।

আজকের ম্যাচে আল-শাহরানির বদলি হিসেবে একাদশে মোহাম্মদ আল-বুরায়েকের খেলার সম্ভাবনাই বেশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.