Sylhet Today 24 PRINT

আর্জেন্টিনার বিদায়ের ছক কষছেন আরেক আর্জেন্টাইন

স্পোর্টস ডেস্ক |  ২৬ নভেম্বর, ২০২২

হারলেই বিশ্বকাপ থেকে ছিটকে যাবে আর্জেন্টিনা। নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে লিওনেল মেসির পথচলা থেমেও যাবে। এমন এক সমীকরণের ম্যাচে আজ রাতে মেক্সিকোর মুখোমুখি হবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।  গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনাকে থামানোর ছক কষছেন একজন আর্জেন্টাইনই। তার নাম জেরার্দো দানিয়েল মার্তিনো, সবাই চেনে টাটা মার্তিনো নামে।

মেক্সিকোর কোচের দায়িত্ব পালন করছেন জেরার্দো দানিয়েল মার্তিনো। তিনি একটা সময় কোচিং করাতেন বার্সেলোনা এবং আর্জেন্টিনার। তাই মেসিকে খুব ভাল করেই চেনা আছে তার। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মেসিকে থামানো কতটা কঠিন হতে পারে এবং নিজেদের করণীয় কী হতে পারে, তা নিয়ে কথা বলেছেন সাবেক এই বার্সেলোনা কোচ, ‘যারা মেসিকে মোকাবিলা করেছে, তারা সবাই একই কথাই বলেছে। আমরা যা করি সে জন্য না, তাকে এ জন্য থামানো যায়, কারণ সে একটি বাজে দিন কাটিয়েছে।’

বাঁচা-মরার লড়াইয়ে আজ নিশ্চয়ই জ্বলে ওঠার চেষ্টা করবেন মেসি। যা দেখার প্রস্তুতি নিয়ে রেখেছেন মার্তিনো, ‘মেসি তার সেরা ছন্দে থাকবে, এটা বিবেচনায় নিয়েই আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের কখনো এটা ভাবা উচিত না যে সে তার সেরা ছন্দে থাকবে না। কারণ, পুরো ৯০ মিনিট ছন্দে না থেকেও মাত্র ৫ মিনিটের খেলায় ম্যাচ শেষ করে দেওয়া যায়। আপনাকে তাই ম্যাচের পুরোটা সময় খুবই মনোযোগী থাকতে হবে এবং তার ওপর চোখ রাখতে হবে।’

আপাতত মেসির চেয়ে মার্তিনো ভাবছেন মেক্সিকোকে নিয়ে। তার চাওয়া কিং লিওকে থামিয়ে কোনভাবেই জয় নিয়ে মাঠ ছাড়া। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘মেক্সিকোকে জিততেই হবে, মেক্সিকোর জয়ের জন্য আমরা সবকিছু করব। এছাড়া অন্য কোনো উত্তর নেই।’

বিশ্বকাপে এর আগে আর্জেন্টিনার সঙ্গে যে তিনবার দেখা হয়েছে, তিনবারই হেরেছে মেক্সিকো। এই দুই দলের এখন পর্যন্ত দেখা হয়েছে ৩৫ বার। যার মধ্যে ১৬ ম্যাচে জিতেছে আর্জেন্টিনা, মেক্সিকোর জয় ৫ ম্যাচে। বাকি ১৪টি ড্র। আর্জেন্টিনার বিপক্ষে মেক্সিকোর সবশেষ জয় ২০০৪ সালে, কোপা আমেরিকায়। এরপর অবশ্য তারা হেরেছে ৮ ম্যাচ, ড্র করেছে দুটি। তবে অতীত পরিসংখ্যানে চোখ রাখছেন মেক্সিকো কোচ। তার চিন্তায় শুধুই জয়। সেটা মেসিকে থামিয়েই।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.