Sylhet Today 24 PRINT

চোট নিয়ে নতুন দুঃসংবাদ পেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০২২

ফের ইনজুরির থাবা ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে। চোটের কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারেননি নেইমার ও রাইট ব্যাক দানিলো। এবার জানা গেলো, ইনজুরির কারণে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মাঠা নামা হচ্ছে না ব্রাজিলিয়ান ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো'র। সুইজারল্যান্ডের বিপক্ষে কোমরে পাওয়া চোট তাকে বিপদে ফেলেছে।

ব্রাজিলের দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, সুইসদের বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান সান্দ্রো। পরীক্ষা-নিরীক্ষার পর দেখে গেছে বাম কোমরের পেশীতে চোট পেয়েছেন। ফলে ক্যামেরুনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে তার খেলা হচ্ছে না।

রদ্রিগো লাসমার আরও জানান, দানিলো ও নেইমারের অ্যাঙ্কেল ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া চলছে। তাদের দুইজনের ইনজুরি দুই ধরনের। এর মধ্যে, জ্বর এসেছিল নেইমারের। সেটা এখন নিয়ন্ত্রণে আছে। অ্যাঙ্কেল ইনজুরি থেকে সেরে ওঠার সাথে এই জ্বরের কোনো সংযোগ নেই। দলের টেকনিক্যাল কমিটিকে আমরা জানিয়েছি, ক্যামেরুন ম্যাচে এই তিনজনকে পাওয়া যাবে না।

এর আগে, ব্রাজিল উইঙ্গার ভিনিসিয়াস জানান, প্রচণ্ড জ্বর ও মাথা ব্যথায় ভুগেছেন নেইমার। দলের সবাই তার ইনজুরি ও জ্বর থেকে দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করছে।

ব্রাজিলের কোচ তিতে জানান, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত নেইমারকে মাঠে নামিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চান না তিনি। সুইজারল্যান্ডের সাথে জয়ের পরে এক টুইট বার্তায় নেইমার লেখেন, দ্রুত জার্সি গায়ে তিনি ফিরতে চান প্রিয় দেশ ও দলের জন্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.