স্পোর্টস ডেস্ক | ০৯ ডিসেম্বর, ২০২২
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। এই ম্যাচটিতে একসঙ্গে অনেক তারকা ফুটবলার মাঠে নামবেন। নেইমার, লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়র, অ্যালিসন, কাসেমিরো থেকে শুরু করে পেরিসিচ, রদ্রিগোসহ আরও অনেকেই।
এই তারকাদের ভিড়ে আলাদা কিছু নাম আছে, আছে বিশেষ কিছু সম্পর্কও। লুকা মদ্রিচ ও রদ্রিগো গোয়েজের কথাই আসছে। মদ্রিচ ও রদ্রিগোর সম্পর্ক নাকি ‘পিতা-পুত্রের’ মতো। যদিও তারা সম্পর্কে ঠিক পিতা-পুত্র নন, তবে একসঙ্গে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের খেলার সুবাদে দুজনের সম্পর্ক এমনই মধুর।
লুকা মদ্রিচ; রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ও ক্রোয়েশিয়া জাতীয় দলের অধিনায়ক; রদ্রিগো গোয়েজ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, পেশাদার ফুটবলে খেলেন তিনি রিয়াল মাদ্রিদে।
বছর দুয়েক আগে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো রিয়ালে আসার পরপরই ক্রোয়াট মিডফিল্ডার মদ্রিচ বলেছিলেন, ‘তিনি তার বাবার বয়সী, তাকে যেন সেভাবেই সম্মান করা হয়!’ মদ্রিচ মজাচ্ছলে কথাটি বললেও সবাইকে অবাক করে দিয়ে সেই থেকে মদ্রিচকে ‘বাবা’ ডাকেন রদ্রিগো, মদ্রিচও রদ্রিগোকে ‘ছেলের মতোই’ স্নেহ করেন।
মদ্রিচ যখন রদ্রিগোকে কথাগুলো বলছিলেন তখন এই ক্রোয়াট মিডফিল্ডারের বয়স ছিল ৩৫ (এখন ৩৭)। অনেকটা অবিশ্বাস্য হলেও এটা সত্য যে রদ্রিগোর বাবার বয়সও লুকা মদ্রিচের সমান।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর গড়ে ওঠা সম্পর্কের বিষয়টি নিজেই বলেছেন রদ্রিগো। রদ্রিগোর ভাষ্য, ‘যখন তিনি (লুকা মদ্রিচ) জানতে পারলেন, আমার বাবার বয়স ৩৫, তিনি বিশ্বাস করতে পারেননি। এরপর তিনি আমাকে বলেন, আমি যেন তাকে সম্মান করি, কারণ তিনি আমার বাবার বয়সী। তখন থেকে তিনি সবসময় আমাকে ছেলে বলে ডাকেন এবং আমি তাকে বাবা ডাকি।‘
রদ্রিগোর বাবা এরিক গোয়েজও একজন ফুটবলার ছিলেন। জাতীয় দলের দরজার কড়া নাড়তে না পারলেও খেলেছেন সাও পাওলোর স্টেট লিগে। শৈশব থেকে নিজের ক্যারিয়ারে অপুর্ণ স্বপ্নগুলো রদ্রিগোর বাবা তার সন্তানের মাঝে দেখতে চেয়েছিলেন। ৯ বছর বয়সে সান্তোসে ট্রায়ালের জন্যে ডাক পান রদ্রিগো। ২০১৭ সালে সান্তোসের যুবদলে ডাক পান রদ্রিগো, ২০১৮ সালে জায়গা হয় সান্তোসের মুল দলে। একই বছর খেলেন ব্রাজিলের অনুর্ধ্ব-১৭ দলেও। এরপরে নজরে পড়েন মাদ্রিদ স্কাউটের। ২০১৮ সালের মাদ্রিদের হয়ে নাম লিখান, ২০১৯ সালে যোগ দেন।
লুকা মদ্রিচ ক্রোয়েশিয়া দলের অপরিহার্য সদস্য। রদ্রিগো শুরুর একাদশে নিয়মিত না হলেও বদলি হিসেবে নামছেন প্রতি ম্যাচেই।
আজ রাত ৯টায় ‘পিতা-পুত্রের’ সেমিফাইনালের ওঠার লড়াই উপভোগ ফুটবলবিশ্ব।