Sylhet Today 24 PRINT

২ গোল করা ডাচ ফুটবলারকে ‘গাধা’ বলে গালি দেন মেসি

স্পোর্টস ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০২২

নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচে উত্তেজনা এতখানি ছিল শেষ পর্যন্ত ম্যাচটা মল্লযুদ্ধে পরিণত হওয়াটাই বাকি ছিল কেবল। ম্যাচে ফাউল করা, হলুদ কার্ড, লাল কার্ড সব ছিল। দুই দলের খেলোয়াড়সুলভ মানসিকতা ভুলে নেমেছেন যুদ্ধে। মাঠের লড়াই শেষে লড়াই হয়েছে মাঠের বাইরেও। কোচকেও পর্যন্ত অপমান করা হয়েছে।

বৃহস্পতিবার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ গোলে আর্জেন্টিনা ম্যাচ জিতে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।

সেমিফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া।

ম্যাচে ১৮টি হলুদ কার্ড দেখাতে হয়েছে রেফারি মাতেও লাহোজকে। লাল কার্ড দেখিয়েছেন তিনি নেদারল্যান্ডসের ডেনজেল ডামফ্রিজকে। হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসিও। ম্যাচে দুই দল মিলে ফাউল করেছে ৪৮টি। এক ম্যাচে ফাউল সংখ্যা ৪৮, ভাবা যায়!

২০০৬ বিশ্বকাপে নেদারল্যান্ডস ও পর্তুগালের মধ্যকার এক ম্যাচে ১৬টি হলুদ কার্ড ও ৪টি লাল কার্ড দেখেছিল বিশ্ব। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডের ম্যাচ হলুদ কার্ডের সেই রেকর্ড বুঝি ভেঙে দেওয়ার ম্যাচ! ম্যাচ পর্যন্ত এটা সীমিত থাকলে এত কথা হতো না, কিন্তু ম্যাচ–পরবর্তী হিংসা ও ঘৃণার উদ্‌গিরণে এই ম্যাচ ছাড়িয়ে গেছে সবকিছু। বিস্ময়করভাবে এখানে নেতৃত্ব দিচ্ছিলেন লিওনেল মেসি। যিনি কি-না শান্ত-সৌম্য চেহারা ও আচরণের ধারাবাহিকতা এতদিন ধরে রেখেছিলেন!

নেদারল্যান্ডস ম্যাচ হেরেছে পেনাল্টি শুটআউটে। শোকে কাতর ডাচ খেলোয়াড়েরা কেউ মাঠে শুয়ে পড়েছেন, কেউ দুহাতে মুখ ঢেকে বসে, কেউবা শূন্য দৃষ্টিতে তাকিয়ে ছিলেন ম্যাচ শেষে। আর্জেন্টিনা দলের একাংশ তখন উদ্‌যাপনে, আরেক অংশ ডাচদের মুখ ভেঙাচ্ছে, বিদ্রূপ করতে।

শুনতে অবাক লাগবে যে কথায় সেটা হচ্ছে- মেসি যে এক ডাচ খেলোয়াড়কে ‘এদিকে তাকিয়ে আছিস কেন, গাধা’ বলে গালি দিয়েছেন, তা পুরো বিশ্বে প্রচারিত হয়ে গেছে। কারণ, কথাটা বলেছেন তিনি টেলিভিশন ক্যামেরার সামনে। জানা গেছে, ওই ডাচ খেলোয়াড়ের নাম ভাউট ভেগহোর্স্ট। দুই গোল শোধ করে সাড়ে ৬ ফুট লম্বা যে স্ট্রাইকার নেদারল্যান্ডসকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন।

এখানেই শেষ নয়, আরও আছে! নেদারল্যান্ডসের কোচ লুই ফন গাল এই ম্যাচের আগে একটা খোঁচা দিয়েছিলেন। যেটির মূল কথা ছিল, প্রতিপক্ষ যখন আক্রমণে যায়, মেসি তখন অলস দাঁড়িয়ে থাকে। ম্যাচের আগে এ নিয়ে অনেক কথাও হয়েছিল। সেটির রেশ ধরে মাঠে প্রকাশ্যে ফন গালকে জবাব দিয়ে দেবেন মেসি, এটা কারও কল্পনাতেই ছিল না। ফন গাল যাতে রীতিমতো হতভম্ব হয়ে যান। এটাকেই যথেষ্ট মনে না করে পরে বলেছেন, ফন গাল যে এত সুন্দর ফুটবল, ভালো ফুটবল বলে মুখে ফেনা তুলে ফেলেন; সেই তিনিই কীভাবে লম্বা লম্বা ফরোয়ার্ডদের নামিয়ে বক্সের মধ্যে শুধু ক্রস ফেলতে বলেন! তবে মেসি যাই বলুন না কেন, অতিরিক্ত সময়ে ৬ ফুট ২ ইঞ্চি আর ৬ ফুট ৬ ইঞ্চি দুই ফরোয়ার্ডকে নামিয়েই নেদারল্যান্ডসকে ম্যাচে ফিরিয়েছিলেন লুইন ফন গাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.