Sylhet Today 24 PRINT

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়ার হেড টু হেড রেকর্ড

স্পোর্টস ডেস্ক |  ১৩ ডিসেম্বর, ২০২২

হেভিওয়েট সেমিফাইনালে মঙ্গলবার লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। চতুর্থ দেশ হিসেবে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে ক্রোটরা। আর দক্ষিণ আমেরিকান  চ্যাম্পিয়নরা ষষ্ঠবার ফাইনাল খেলার অপেক্ষায়। ক্রোয়েশিয়ার চোখ প্রথম ট্রফিতে, আর আর্জেন্টিনা ৩৬ বছরের আক্ষেপ ঘুচাতে চায় তৃতীয় বিশ্বকাপ জিতে।

আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ শুরু হয়েছিল হার দিয়ে। সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে জিতে গ্রুপের চ্যাম্পিয়ন হয় তারা। শেষ ষোলোতে অস্ট্রেলিয়া ও কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসবধ করে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

অন্যদিকে ক্রোয়েশিয়া মরক্কোর সঙ্গে ড্র করার পর কানাডাকে হারায়। গ্রুপের শেষ ম্যাচে বেলজিয়ামের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউটে ওঠে তারা। জাপান ও ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে গতবারের রানার্সআপরা।

এবার ফাইনালে চোখ রেখে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। বিশ্বকাপে আগে দুইবার একে অন্যের সঙ্গে খেললেও এবারই প্রথম নকআউটে দেখা হচ্ছে তাদের। বিশ্বমঞ্চে আগের দুই দেখায় একটি করে জিতেছে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। সব মিলিয়ে পাঁচবারের দেখায় দুটি করে জয় দুই দলের, অন্যটি ড্র।

প্রথমবার দুই দলের সাক্ষাৎ হয়েছিল ১৯৯৪ সালের জুনে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুই দলের কেউ গোলের দেখা পায়নি, শেষ হয় গোলশূন্য ড্রতে। চার বছর পর ফ্রান্স বিশ্বকাপে গ্রুপ ম্যাচে প্রথম দেখা হয়, সেখানে মাউরিসিও পিনেদার একমাত্র গোলে জেতে আর্জেন্টিনা। ২০ বছর পর ২০১৮ সালে দ্বিতীয়বার বিশ্বকাপে মুখোমুখি হয় দুই দল। গ্রুপ পর্বের ওই ম্যাচে আন্তে রেবিচ, লুকা মদরিচ ও ইভান রাকিতিচের দ্বিতীয়ার্ধের গোলে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারায় ক্রোটরা।

এছাড়া ২০০৬ ও ২০১৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাদের দেখা হয়েছিল। প্রথমটিতে ৩-২ গোলে জেতে ক্রোটরা, পরেরটি হেরেছে ২-১ গোলে।

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া হেড টু হেড রেকর্ড

আর্জেন্টিনা জয়: ২
ক্রোয়েশিয়া জয়: ২
ড্র: ১

আর্জেন্টিনা গোল: ৫
ক্রোয়েশিয়া গোল: ৭

ম্যাচ ইতিহাস

৪ জুন, ১৯৯৪: আর্জেন্টিনা ০-০ ক্রোয়েশিয়া (আন্তর্জাতিক প্রীতি)
২৬ জুন, ১৯৯৮: আর্জেন্টিনা ১-০ ক্রোয়েশিয়া (বিশ্বকাপ)
১ মার্চ, ২০০৬: আর্জেন্টিনা ২-৩ ক্রোয়েশিয়া (আন্তর্জাতিক প্রীতি)
১২ নভেম্বর, ২০১৪: আর্জেন্টিনা ২-১ ক্রোয়েশিয়া (আন্তর্জাতিক প্রীতি)
২১ জুন, ২০১৮: আর্জেন্টিনা ০-৩ ক্রোয়েশিয়া (বিশ্বকাপ)

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.