স্পোর্টস ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০২২
টানা দ্বিতীয়বারের মতো কি বিশ্বকাপ শিরোপা জিততে পারবে ফ্রান্স? মরক্কোকে হারিয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে ১৯৯৮ ও ২০১৮ আসরের চ্যাম্পিয়নরা। ফ্রান্স এবং ট্রফির মাঝে এখন বড় বাধা লিওনেল মেসি।
লুসাইল স্টেডিয়ামে রোববার শিরোপার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও ফ্রান্স। মেসি আছেন স্বপ্নের ফর্মে। নিজে যেমন গোল করছেন, তেমনই তরুণদের দিয়ে করাচ্ছেন। মরক্কোকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশচ্যাম্পসও তাই মেসি বন্দনায় মাতলেন।
মরক্কো ম্যাচের পর সংবাদ সম্মেলনে দেশচ্যাম্পস বলেন এবারের মেসি আগের চেয়ে অন্য রকম। তার কথায়, ‘এ বারের আসরে দুর্দান্ত ছন্দে আছে মেসি। চার বছর আগে, আমাদের বিরুদ্ধে ও সেন্টার ফরোয়ার্ড খেলেছে। সেটা আমাদের চমকে দিয়েছিল। এ বার ফরোয়ার্ডের পিছন দিকে খেলছে। প্রচুর সময় বল ধরে খেলছে, বল ধরে দৌড়চ্ছে, প্রতিপক্ষ রক্ষণে সমস্যা তৈরি করছে। ও দুর্দান্ত ছন্দে আছে।’
দেশচ্যাম্পস আরও বলেন, ‘মেসি বিশ্বের অন্যতম সেরা এবং সেটা ও পারফরম্যান্সেও দেখাচ্ছে। ওকে আটকানোর মরিয়া চেষ্টা করব আমরা। ও যাতে ম্যাচের রং বদলে দিতে না পারে সেদিকে নজর রাখতে হবে। সবমিলিয়ে বলব, চার বছর আগে যে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছিলাম, এ বার ওরা পুরোপুরি আলাদা।’
রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল ফ্রান্স-আর্জেন্টিনা। ম্যাচটা ৪-৩ ব্যবধানে জেতে ফ্রান্স। পরে ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।