Sylhet Today 24 PRINT

শিরোপা জিততে প্রয়োজনীয় সবই করবেন মেসি

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০২২

কাতার বিশ্বকাপের শুরুটা সুখকর হয়নি আর্জেন্টিনার। সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপের মিশন শুরু করলেও প্রবল প্রতাপে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আলবিসেলেস্তেরা।

সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আট বছর পর বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। সবশেষ ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে ফাইনাল খেলেছিল লিওনেল মেসির দল। সেবার প্রতিপক্ষ ছিল জার্মানি।

শেষ সময়ের গোলে সেবার স্বপ্নভঙ্গ হয়েছিল আকাশি-নীলদের। ৩৬ বছরের শিরোপা খরা কাটানোর মিশনে কাতার বিশ্বকাপের ফাইনালে মেসিদের প্রতিপক্ষ ফ্রান্স। এবার ২০১৮ সালের পরাজয়ের প্রতিশোধ নিতে মুখিয়ে আছেন আর্জেন্টাইনরা।

ফ্রান্সকে হারিয়ে দলের তিন যুগের অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি ব্যক্তিগত আক্ষেপ ঘোচানোর অপেক্ষায়ও আছেন লিওনেল মেসি। সেই অপেক্ষা বিশ্বকাপকে ছুঁয়ে দেখার। একে তো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ, তার সঙ্গে দল রয়েছে ফর্মের তুঙ্গে। আর সে কারণেই মেসি আশা দেখছেন নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের শেষটা শিরোপা দিয়ে রাঙানোর।

ফাইনালকে সামনে রেখে আর্জেন্টিনার দলপতি বলেন, ‘ফাইনালে পৌঁছে আমি অনেক খুশি। কাতারে আসার পর থেকেই আমরা খেলাগুলো উপভোগ করছি। হার দিয়ে শুরু করেছিলাম। অনেক ভুগতেও হয়েছে, তবে জানতাম এই দলটা কী করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আরও একবার ফাইনালে আর্জেন্টিনা। আর ফাইনালে আমরা নিজেদের সবটুকু নিংড়ে দিয়ে খেলব। শিরোপা জিততে যা যা দরকার, সবই করব।’

১৮ ডিসেম্বর নিজেদের তৃতীয় শিরোপা নিশ্চিতে মাঠে নামবে দুই দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.