Sylhet Today 24 PRINT

মুখোমুখি লড়াইয়ের ইতিহাস সুখকর নয় ফ্রান্সের

স্পোর্টস ডেস্ক |  ১৭ ডিসেম্বর, ২০২২

দুই দলের সর্বশেষ সাক্ষাতের স্মৃতি আর্জেন্টাইনদের জন্য সুখকর নয়। ৩ গোল করেও ৪-৩ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছিল হোর্হে সাম্পাওলির দলকে। জোড়া গোল করে তরুণ এমবাপ্পে সে ম্যাচেই বিশ্বমঞ্চে আগমনীবার্তা দিয়েছিলেন।

তবু মুখোমুখি লড়াইয়ের ইতিহাস কিন্তু ফ্রান্সের পক্ষে নয়।

সেখানে আলবিসেলেস্তের প্রাধান্য। প্রীতি ম্যাচ, বিশ্বকাপ মিলিয়ে মোট ১২ দেখায় আর্জেন্টিনার জয় ৬টি। ফ্রান্স জিতেছে ৩টি, ড্র ৩ ম্যাচ। প্রথম মুখোমুখি সেই প্রথম বিশ্বকাপে, ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের মোট তিনবার দেখা হয়েছে দুই দলের। প্রথম ও সর্বশেষ আসরের আগে ১৯৭৮- এ একই গ্রুপে পড়েছিল দুই দল। সেজার লুই মেনোত্তির দল জিতেছিল ২-১ ব্যবধানে। লিওনেল মেসির ফরাসিদের বিপক্ষে প্রথম দেখা ২০০৯-এ। মার্সেইয়ের সেই প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। মেসি গোল করেছিলেন, সঙ্গে হোনাস গুতিয়েরেস, কোচ ছিলেন ডিয়েগো ম্যারাডোনা।

এবার একেবারে অখ্যাত হিসেবে দায়িত্ব নেওয়া লিওলেন স্কালোনির অধীন সেই ফ্রান্সের বিপক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মুখোমুখি হচ্ছে আকাশী-সাদারা। ক্রোয়েশিয়াকে বিপক্ষে সেমিফাইনালের দারুণ জয়ের পর একটি দিন পুরো বিশ্রামে কাটিয়েছেন লিওনেল মেসিরা। কাতার বিশ্ববিদ্যালয় মাঠে গতকাল দুপুর থেকে তারা প্রস্তুতি শুরু করেছেন ফাইনালের। পোল্যান্ড ম্যাচে পেশিতে চোট পাওয়া আনহেল দি মারিয়া নেদারল্যান্ডস ম্যাচে কিছু সময় বদলি নেমে খেলেছিলেন। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই প্রয়োজন মনে করেননি স্কালোনি। ফাইনালের জন্য তাকে পুরো ফিট করে তোলার চেষ্টা হবে এই কয়েক দিনে। দি মারিয়া ফিরলে মিডফিল্ডে এনসো ফের্নান্দেসকে রেখে লিয়ান্দ্রো পারেদেসকে আবার হয়তো বেঞ্চে রাখা হবে।

নক আউট পর্বে এ পর্যন্ত প্রতিপক্ষ অনুযায়ী কৌশল সাজিয়ে সফল স্কালোনি। নেদারল্যান্ডসকে আটকাতে যেমন ৫ ব্যাক নিয়ে খেলেছিলেন। আর্জেন্টিনা তাতে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ২-০-তে এগিয়েও গিয়েছিল। ক্রোয়েশিয়ার শক্ত মিডফিল্ডের বিপক্ষে আবার ৪-৪-২ ফরমেশনে গিয়ে লুকা মডরিচদের তিনি অকার্যকর করে রেখেছেন। কিলিয়ান এমবাপ্পেদের বিপক্ষে ৫-৩-২ (৩-৫-২), নাকি ৪ ব্যাক, ৪ মিডফিল্ডার অথবা দি মারিয়াকে নিয়ে ৪-৩-৩-এ ফেরেন, সেটাই দেখার। স্কালোনির জন্য সুখবর হলো দুই ফুল ব্যাক মার্কোস অ্যাকুনিয়া ও গনসালো মনতিয়েল নিষেধাজ্ঞা কাটিয়ে ফাইনালে ফিরছেন। স্কোয়াডের একমাত্র আলেহান্দ্রো গোমেসের খেলা নিয়ে যা একটু সংশয় আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে গোড়ালিতে চোট পাওয়া এ ফরোয়ার্ড এই পর্যন্ত আর মাঠে নামেননি।

চিরচেনা আকাশী-সাদা জার্সিতেই এ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। যেমনটি তারা নেমেছিল ১৯৭৮ ও ১৯৮৬ ফাইনালেও। তবে সর্বশেষ ২০১৪ ও ১৯৯০-এর ফাইনালে নিজেদের দ্বিতীয় রং নীল পরে খেলেছিল মেসি ও ডিয়েগো ম্যারাডোনার দল। দুটিতেই প্রতিপক্ষ ছিল জার্মানি। দুটিতেই হেরেছিল আর্জেন্টিনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.