Sylhet Today 24 PRINT

মেসির জন্য মনিকার খোলা চিঠি

স্পোর্টস ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০২২

কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। ফাইনালের আগে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আবেগঘন বার্তা পাচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এখন পর্যন্ত পাঁচ বিশ্বকাপ খেললেও একবারও তিনি ছুঁতে পারেননি শিরোপা। নিজের শেষ বিশ্বকাপে সেই খরা ঘোচাতে মরিয়া এ তারকা ফুটবলার।

ফাইনালের আগে আর্জেন্টাইন অধিনায়কের প্রথম শিক্ষক মনিকা ডোমিনা ভালোবাসায় মোড়া খোলা চিঠি পাঠিয়েছেন মেসিকে। সেই চিঠিতে মনিকা লিখেছেন— মৃত্যুর আগে অন্তত একবার হলেও মেসিকে জড়িয়ে ধরতে চাই।

মনিকা লিখেছেন— ঈশ্বরকে ধন্যবাদ, তোমার শিক্ষক হতে পেরেছি মেসি। আমার ছাত্র হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। সব সময় একই রকম থাকার জন্য ধন্যবাদ। তুমি খুব সাধারণ, বিনয়ী, অসাধারণ একজন মানুষ। কখনো বদলে যেও না। তোমার জীবনের অংশ হতে পেরে আমি গর্ববোধ করছি।

তিনি আরও লিখেছেন— এত এত বিপর্যয়ের মাঝে আমাদের এতটুকু সুখ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার হাসিমুখ দেখাটাই আমার আনন্দ। তুমি তোমার অনুভূতি প্রকাশ করতে পারছ, এটি আমার ভালো লাগে। আমি তোমার শিক্ষক, এটি আমার জন্য স্বপ্নের মতো। এই সম্মানে তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। শুভকামনা।

মেসি সফলতার দিক দিয়ে পাহাড়সম উচ্চতায় পৌঁছে গেলেও মনে রেখেছেন ঠিকই মনিকাকে। গত বছর এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে স্কুলজীবনের কোনো শিক্ষকের কথা তার মনে আছে কিনা।

মেসি সঙ্গে সঙ্গেই উত্তর দিয়েছিলেন, আমার মনে আছে মনিকা ডোমিনার কথা। তিনি আমার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.