Sylhet Today 24 PRINT

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে দীপিকা

স্পোর্টস ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০২২

দীপিকা পাড়ুকোনের জনপ্রিয়তা বলিউড ছাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছেছে অনেক আগেই। হলিউডের সিনেমায় তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের তালিকায়ও জায়গা করে নিয়েছেন তিনি। এবার দীপিকার সাফল্যের মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। তাকে দেখা যাবে কাতার বিশ্বকাপের মঞ্চে!

কী করবেন তিনি সেখানে? ফিফা বিশ্বকাপে কোন ভূমিকায় দেখা যাবে তাকে? গতকাল বড় খবর দিলেন দীপিকা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ফাইনালের মঞ্চে হাজির থাকবেন তিনি। ফাইনালে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন। দীপিকাই সম্ভবত প্রথম অভিনেত্রী, যিনি এমন সম্মান পেতে চলেছেন। ১৮ ডিসেম্বর ফুটবল বিশ্বকাপের ফাইনাল।

তার আগে কাতার যাবেন দীপিকা। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন। ফাইনালের দিন স্টেডিয়ামভর্তি দর্শকের মাঝে বিশ্বকাপ ট্রফি উন্মোচিত হবে তার হাতেই।

ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কি না তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হওয়ার পরই ‘গোল্ডেন রেশিও অব বিউটি’র সেরা দশ সুন্দরীদের তালিকায় উঠে এসেছিল দীপিকার নাম। একমাত্র ভারতীয় হিসেবে এই প্রাপ্তি যোগ হয়েছে দীপিকার ক্যারিয়ারে। এবার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলে তার পরিচিতি বিশ্বজুড়ে ছড়িয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

দীপিকা পাড়ুকোনকে সর্বশেষ দেখা গেছে ‘গেহরাইয়া’ সিনেমায়। জানুয়ারিতে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘পাঠান’। সঙ্গে আছেন শাহরুখ খান ও জন আব্রাহাম। এ ছাড়া ‘প্রোজেক্ট কে’ নামে আরেকটি সিনেমার কাজে ব্যস্ত তিনি। এতে দীপিকা অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও প্রভাসের সঙ্গে। এ ছাড়া রণবীর সিংয়ের নতুন সিনেমা ‘সার্কাস’-এ একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.