Sylhet Today 24 PRINT

ভারতের বিপক্ষে ১৮৮ রানে হার বাংলাদেশের

চট্টগ্রাম টেস্ট

স্পোর্টস ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০২২

৫১৩ রানের টার্গেট যেকোনো উইকেটেই কঠিন। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেট, তাতে কী! এই টার্গেট টপকাতে ইতিহাসই গড়তে হতো সাকিব-মুশফিকদের। কারণ টেস্ট ইতিহাসেই ৪১৮ রানের বেশি তাড়া করার রেকর্ড নেই।

ইতিহাস গড়া হয়নি বাংলাদেশের, তবে দেখিয়েছে আশার আলো। দ্বিতীয় ইনিংসের ওপেনিং জুটি ভারতের বিপক্ষে রেকর্ড গড়েছে। এত বড় লক্ষ্যে নেমে বাংলাদেশ অলআউট হয়েছে ৩২৪ রানে।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১৮৮ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ২২ ডিসেম্বর ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল বাংলাদেশ। উইকেটে অধিনায়ক সাকিবের সঙ্গে ছিল ফর্মে থাকা মিরাজ। সাকিব একপ্রান্ত থেকে খেললেও দিনের তৃতীয় ওভারে মিরাজকে হারাল বাংলাদেশ। মোহাম্মদ সিরাজের বলে যাদবকে ক্যাচ দেন মিরাজ। তার বিদায়ে ভাঙে ৪২ রানের জুটি, মিরাজ করেন ১৩ রান।

মিরাজের বিদায়ের পর আগ্রাসী হয়ে উঠেন সাকিব। তবে সাকিব এভাবে অনেকক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ৮৪ রানের মাথায় কুলদ্বীপ যাদবের বলে লাইন মিস করে সরাসরি বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক। তারপর বাকিরা আর দাঁড়াতেই পারেননি। ৪ রানের মধ্যে ভারত তুলে নিয়েছে বাকি দুই উইকেট। তাইজুল ইসলাম ৪ আর এবাদত আউট হন শূন্য রানে। অক্ষর প্যাটেল ৭৭ রান খরচায় নেন ৪টি উইকেট। ৩ উইকেট শিকার প্রথম ইনিংসে ফাইফার নেওয়া কুলদ্বীপ যাদবের।

গতকাল বাংলাদেশের হয়ে অভিষিক্ত জাকির হাসান ঠিক ১০০ রান করেছিলেন। ভারতের হয়ে ৪ উইকেট পেয়েছেন অক্ষার প্যাটেল। ৩ উইকেট নিয়েছেন কুলদ্বীপ যাদব।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৪০৪ রান তুলেছিল ভারত। পরে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৫০ রানেই। ভারত ২ উইকেটে ২৫৮ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৫১২ রানের। সাকিব আল হাসানের দল শেষ পর্যন্ত গুটিয়ে গেল ৩২৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৪০৪
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০
ভারত ২য় ইনিংস: ২৫৮/২ (ডি.)

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৩, আগের দিন ২৭২/৬) (শান্ত ৬৭, জাকির ১০০, ইয়াসির ৫, লিটন ১৯, মুশফিক ২৩, সাকিব ৪০*, সোহান ৩, মিরাজ ৯*; সিরাজ ১৫-৩-৪৬-০, উমেশ ১৫-৩-২৭-১, অশ্বিন ২৭-৩-৭৫-১, আকসার ২৭-১০-৫০-৩, কুলদিপ ১৮-২-৬৯-১)।

ফল: ভারত ১৮৮ রানে জয়ী।

সিরিজ: ২ ম্যাচ সিরিজে ভারত ১-০তে এগিয়ে।

ম্যান অব দ্য ম্যাচ: কুলদিপ যাদব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.