Sylhet Today 24 PRINT

মেসিদের রাজসিক সংবর্ধনা

স্পোর্টস ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০২২

আর্জেন্টিনায় ভোর হতে তখনও অনেক বাকি। হলে কি হবে! লিওনেল মেসিরা বিশ্বজয় করে ফিরছেন। দেশটির মানুষ কি আর ঘুমাতে পারে?

না, আর্জেন্টিনার মানুষ ঘুমাননি। গভীর রাতে চ্যাম্পিয়ন ফুটবলাররা ফিরতেই তাই রাজসিক সংবর্ধনা পেল দেশের মানুষের কাছ থেকে।

গত রবিবার কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা। ৩৬ বছরের অপেক্ষার ইতি টেনে জিতে নেয় বিশ্বকাপে নিজেদের তৃতীয় শিরোপা।

বিশ্বজয়ের পর সোমবারই আর্জেন্টিনা দল কাতার ছাড়ে। মঙ্গলবার স্থানীয় সময় ভোর রাত আড়াইটার দিকে মেসিদের বরণকারী বিমান বুয়েনস এইরেসের ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কাতার থেকে ইতালি হয়ে আর্জেন্টিনায় পা রাখে চ্যাম্পিয়ন ফুটবলাররা। বিমান থেকে প্রথমেই বিশ্বকাপ ট্রফি হাতে নেমে আসেন অধিনায়ক মেসি ও কোচ লিওনেল স্কালোনি। এরপর বাকি ফুটবলাররা নামেন। এ সময় তাদের পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন।

বিমানবন্দরেই অপেক্ষা করছিল বিশেষ বাস। সেখানে লেখা ‘বিশ্বচ্যাম্পিয়ন’। সেই বাসে করে বিমানবন্দরের বাইরে বার হন মেসিরা।

আর্জেন্টিনার ফুটবল সংস্থা টুইট করে জানিয়েছিল, ‘মঙ্গলবার বুয়েনস আইরেসের ওবেলিস্কে গিয়ে উৎসব করবে বিশ্বকাপজয়ী ফুটবল দল। সেখানে উপস্থিত থাকবেন সমর্থকরাও।’

বিমানবন্দর থেকে ফুটবলারদের সেখানে নেওয়া হচ্ছে ছাদখোলা বাসে, রাস্তায় মানুষের ঢল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.