Sylhet Today 24 PRINT

পেলের শারীরিক অবস্থার অবনতি

স্পোর্টস ডেস্ক |  ২২ ডিসেম্বর, ২০২২

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। জানা গিয়েছে, পেলের ক্যান্সারের অ্যাডভান্সড স্টেজ চলছে, তাই বড়দিনে  পেলেকে সাও পাওলোর হাসপাতালেই থাকতে হবে। ক্যান্সারের পাশাপাশি কিডনি ও শ্বাসনালীতেও সংক্রমণ হয়েছে বলে জানা গিয়েছে।  

আপাতত তিনি রয়েছেন এলিভেটেড কেয়ারে। সোশ্যাল মিডিয়ায় পেলের মেয়ে কেলি নাসিমেন্তো জানিয়েছেন, বাবার অসুস্থতার জন্য তাদের পরিবারের বড়দিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। হাসপাতালেই বড়দিন পালন করবেন তারা।

পেলের এক মেয়ে কেলি নাসিমেন্তো বাবার শারীরিক অবস্থার ব্যাপারে জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ডাক্তারদের সঙ্গে কথা বলে বিভিন্ন কারণকে মাথায় রেখে ঠিক করেছি, বাবাকে হাসপাতালে ভর্তি রাখাই সঠিক সিদ্ধান্ত হবে। বাবার জন্যে কাইপিরিনহাও (ব্রাজিলের এক বিশেষ ধরনের পানীয়) তৈরি করব। মজা করছি। বাবাকে খুব ভালবাসি। পরের সপ্তাহে আবার নতুন খবর জানাব। ’

গত সপ্তাহেই পেলের চিকিৎসকরা আশার বাণী শুনিয়েছিলেন। জানিয়েছিলেন, পেলের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে। বিশেষত তার শ্বাসপ্রশ্বাস সংক্রান্ত সমস্যার। সাধারণ বেডেই ভর্তি ছিলেন তিনি। হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হওয়ার চিন্তায় পড়েছেন তার সমর্থক এবং অনুরাগীরা।

প্রসঙ্গত, কাতারে বিশ্বকাপ চলাকালীনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। তখনও হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাখা হয়েছিল প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে। ব্রাজিলের বিশ্বকাপ অভিযান চলাকালীন এই সংবাদ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা পেলের অনুরাগীদের মন খারাপ করে দেয়। ব্রাজিলের বিভিন্ন ফুটবলার শুভেচ্ছাবার্তা পাঠাতে থাকেন। অবস্থার উন্নতি হওয়ায় খুশি হয়েছিলেন প্রত্যেকেই। তার মাঝেই আবার শারীরিক অবস্থার অবনতির খবর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.