Sylhet Today 24 PRINT

বিজয় উদযাপন করলেন নাফিসা-মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৫

শুরু থেকে খুব একটায় আলোচনায় ছিল না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে অধিনায়ক মাশরাফি ছিলেন বলেই ছিল বাড়তি আত্ববিশ্বাস। শেষ পর্যন্ত গেল বিপিএলেতো মাশরাফির হাত ধরে ইতিহাসই গড়ে কুমিল্লা। ভাঙা-চোরা দল নিয়েই শিরোপায় চুমু আঁকে মাশরাফি বিগ্রেড।

বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল গত ১৫ ডিসেম্বর। এরঠিক ১৪দিন পর মঙ্গলবার অন্যরকম বিজয় উৎসবে মিলিত হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবির। সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে শামিল হয় মাশরাফিরা। সঙ্গে ছিলেন আরও অনেকে।

এদিন দলনেতা মাশরাফির নেতৃত্বে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেশীয় ক্রিকেটারদের হাতে বিপিএলের তৃতীয় আসরের রেপ্লিকা ট্রফি তুলে দেন ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল। তবে এদিন শুধু ক্রিকেট অঙ্গনের তারকারা উপস্থিত ছিলেন না। ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, মডেল-অভিনয়শিল্পী সুজানা ও আলোচিত তারকা দম্পতি অন্তত-বর্ষা।

মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই বিজয় উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও পরিকল্পনা মন্ত্রী ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উপদেষ্টা আ হ ম মুস্তফা কামাল।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে সাবেক আইসিসি সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘যে দলে মাশরাফির মতো নেতা আছে তারাতো চ্যাম্পিয়ন হবেই।’

বিপিএলের প্রথমবারের মতো খেলতে এসে চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল বলেন, ‘ক্রিকেটারদের নিবিড় অধ্যাবসায় তো ছিলই। পাশাপাশি কোচিং স্টাফদের নিরলস পরিশ্রমের কারণেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।’ এসময় অনুষ্ঠানে পাঁচ মিনিটের একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।

বাংলাদেশে এ পর্যন্ত তিনবার বিপিএলের আসর মাঠে গড়িয়েছে। আর ওই তিনটি আসরে দলকে শিরোপা পেতে দারুণ সাহায্য করেছেন মাশরাফি বিন মর্তুজা। বিপিএলের হ্যাটট্রিক শিরোপা জয় প্রসঙ্গে নিজেকে কোনো কৃতিত্ব দিতে চাইলেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক। এ বিয়য়ে মাশরাফি বলেন, ‘কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করানোর পিছনে আমার কোনো কৃতিত্ব নেই, পুরো কৃতিত্ব কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.