Sylhet Today 24 PRINT

কোপা দেল রের সেমিফাইনালে এল ক্লাসিকো

স্পোর্টস ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০২৩

মৌসুমে আরও দুটি ক্লাসিকো দেখার সুযোগ পাচ্ছে ফুটবলপ্রেমীরা। কোপা দেল রের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

প্রতিযোগিতার সেমি-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয় সোমবার। শেষ চারের আরেক ম্যাচে লড়বে আথলেতিক বিলবাও ও ওসাসুনা।

কোয়ার্টার-ফাইনালে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে ওঠে বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদ অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-১ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদকে।

আগামী ১ অথবা ২ মার্চ সান্তিয়াগো বের্নাবেউয়ে শেষ চারের প্রথম লেগে মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। কাম্প নউয়ে ফিরতি লেগ হবে ৪, ৫ অথবা ৬ এপ্রিল।

চলতি মৌসুমে প্রতিযোগিতামূলক ফুটবলে এরই মধ্যে দুইবার মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল। গত বছরের অক্টোবরে লা লিগার ম্যাচে বের্নাবেউয়ে ৩-১ গোলে জেতে রিয়াল। এই মাসের শুরুতে ফাইনালে মাদ্রিদের দলটিকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ঘরে তোলে বার্সেলোনা।

লা লিগায় ফিরতি দেখায় আগামী ১৯ মার্চ কাম্প নউয়ে ফের মুখোমুখি হবে দল দুটি। রিয়ালের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে লিগে শীর্ষে আছে কাতালান দলটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.