স্পোর্টস ডেস্ক | ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে রয়েছে বায়ার্ন মিউনিখ।
মঙ্গলবার রাতে পিএসজির মাঠে জার্মান চ্যাম্পিয়নরা ম্যাচ জিতেছে ১-০ গোলে। বায়ার্ন মিউনিখের পক্ষে একমাত্র গোল করেছেন কিংসলে কোমান।
এই জয়ে চলতি আসরে শতভাগ জয়ের ধারা ধরে রাখল বায়ার্ন। গ্রুপ পর্বে ছয় ম্যাচের সবগুলো জিতেছিল তারা।
শুরু থেকে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল বায়ার্ন। যদিও প্রথম উল্লেখযোগ্য পায় তারা ৩০তম মিনিটে। কোমানের ক্রসে দূরের পোস্টে এরিক মাক্সিম চুপো-মোটিংয়ের হেড লক্ষ্যে থাকেনি। প্রথমার্ধের সেরা সুযোগটি বায়ার্ন পায় ৪৩তম মিনিটে। জসুয়া কিমিখের জোরাল নিচু শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।
গোলশূন্য প্রথমার্ধে গোলের জন্য এই একটি শটই কেবল নিতে পারে পিএসজি। যেখানে এই সময়ে বায়ার্নের ১০ শটের দুটি লক্ষ্যে ছিল।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে গোলটি পায় বায়ার্ন। আলফুঁস ডেভিসের ক্রসে ডি-বক্সে কোমানের ভলি ঠেকানোর মতোই ছিল, ঝাঁপিয়ে পড়া দোন্নারুম্মার হাত ছুঁয়ে বল জালে জড়ায়।
যোগ করা সময়ে বক্সের বাইরে মেসিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পাভার্দ। কোনো বিপদ যদিও হয়নি সফরকারীদের।
আগামী ৮ মার্চ বায়ার্নের মাঠে হবে ফিরতি লেগ।