স্পোর্টস ডেস্ক | ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান ৮; এমন অবস্থায় ম্যাচ জয়ের বিকল্প ছিল না রিয়াল মাদ্রিদের। লিগের বাকিটা পথ কঠিন, সেই কঠিন পথ পরিক্রমায় আরও একটা ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে হারিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে কমাল পয়েন্ট ব্যবধান।
শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ; ব্যবধান ২-০। গোল করেছেন ফেদেরিকো ভালভার্দে ও মার্কো আসেনসিও।
এই জয়ে ২২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫১ পয়েন্ট। ৫৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে শীর্ষে। অবশ্য তারা একটি ম্যাচ কম খেলেছে।
ওসাসুনার মাঠে প্রথমার্ধে জালের নাগাল পায়নি রিয়াল। যদিও ম্যাচের ১০ মিনিটেই গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ওসাসুনার গোলরক্ষক সার্জিও হেরেরা রক্ষা করেন।
বিরতির পর ৫২ মিনিটে ব্রাজিলিয়ান এই তারকা বল জালে জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে ওসাসুনাও আক্রমণের ধার বাড়ায়। ৬২ মিনিটে মোই গোমেজের নেওয়া শট পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। এরপর ৬৫ মিনিটে জন মনকায়োলা সুযোগ দূর দিয়ে মেরে নষ্ট করেন।
৭৮ মিনিটে এগিয়ে যায় রিয়াল। এ সময় বামদিক থেকে বক্সের মধ্যে ভালভার্দেকে বল বাড়িয়ে দেন ভিনিসিয়াস। ভালভার্দে ডান পায়ের শটে বল জালে জড়ান। ৮৯ মিনিটে ভিনিসিয়াস নিজেও গোল করেছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেটিও বাতিল হয়।
৯০+২ মিনিটে আলভারো রদ্রিগেজের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন মার্কো আসেনসিও।