Sylhet Today 24 PRINT

ক্লাব ফুটবলে ৭০০ গোল লিওনেল মেসিরও

স্পোর্টস ডেস্ক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

ক্লাব ফুটবলে ৭০০ গোলের ক্লাব খুলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার সেই ক্লাবে যোগ দিলেন লিওনেল মেসিও। দ্বিতীয় ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলক ছুঁলেন মেসি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে গোলের মধ্যে দিয়ে ক্লাব ফুটবলে ৭০০ গোল করার কৃতিত্ব অর্জন করলেন মেসি। মেসি বাদে এই কৃতিত্ব রয়েছে শুধু একজনের। তিনি শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মেসির প্রধান প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদো।

বার্সেলোনার হয়ে মেসি ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল করেছিলেন। পাশাপাশি পিএসজির হয়ে ৬২ ম্যাচে করেছেন ২৮টি গোল। সব মিলিয়ে ক্লাব ফুটবলে মেসি ৮৪০ ম্যাচ খেলে করেছেন ৭০০টি গোল।

পেশাদার ফুটবলার হিসাবে রোনালদো প্রথম ক্লাব ফুটবলে ৭০০ গোল করার নজির গড়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। গত বছরের ৯ অক্টোবর এভারটনের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্লাব ফুটবলে নিজের ৭০০তম গোলটি করেছিলেন রোনালদো। সেটি ছিল তার ক্লাব ফুটবলের ৯৪৩তম ম্যাচ। আর মেসি সেই ৭০০তম গোল করলেন ৮৪০তম ম্যাচে।

ক্লাব ফুটবলে মোট গোলের ক্ষেত্রেও রোনালদো খুব বেশি এগিয়ে নেই মেসির থেকে। পর্তুগিজ তারকা এখনও পর্যন্ত করেছেন ৭০৯টি গোল। এই হিসাবে মেসির গোলসংখ্যা ৯টি কম।

১৯ বছরের ফুটবল ক্যারিয়ারে মেসি ১৫ বছর খেলেছেন বার্সেলোনার হয়ে। এরপর যোগ দেন ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.