সিলেটটুডে ডেস্ক | ০২ মার্চ, ২০২৩
ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মধ্যে আলোচনার কেন্দ্রে বাংলাদেশ দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার দ্বন্দ্ব। গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের এক সাক্ষাৎকার এই বিষয়টি সামনে আনে। এরপর এ নিয়ে অনেক জল ঘোলাই হলো। কিন্তু সপ্তাহ না ঘুরতে আজ নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিব-তামিম দ্বন্দ্বের বিষয়টি সরাসরি বলেননি তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশ দলের টিম হোটেলে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে দেখা করে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। সেখানে বিসিবি সভাপতি বলেন, ‘আমি তো বলিনি (সাকিব-তামিমের দ্বন্দ্বের কথা), আপনারা বলছেন। আমি শুধু উত্তর দিয়েছি। এই প্রশ্ন আমার না, আপনাদের। এমনভাব দেখানো হচ্ছে যে বিষয়টা আমি নিয়ে এসেছি। আপনারাই সব সময় এই প্রশ্ন করেন। মাঠে এর প্রভাব না পড়লেই ভালো।’
টিম হোটেলে বৈঠকে তার সামনেই সাকিব-তামিম কথা বলেছেন বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। সিনিয়র দুই ক্রিকেটারের দ্বন্দ্বের বিষয়টি আলোচনায় না রেখে বরং এটি শেষ করা উচিৎ বলে মনে করেন তিনি।
পাপন বলেন, ‘এখানে তামিম-সাকিব ও কোচের সাথে বসেছিলাম, তখনো ওরা কথা বলেছে। এই বিষয়টা এখানেই শেষ করে দেয়া উচিৎ। এটাকে ঘোলাটে করে জোর করার বা ঝামেলা করার দরকার নেই। আমি যদি একটা কথা বলেও থাকি, আপনাদের বলে রাখছি.. ধরেন একটা কথা বলা আমার ঠিক হয়নি, বা আমি ভুল। যেটা খারাপ সেটা যদি ঠিক না হয় তাহলেই তো ভালো। আমি জিনিসটা শেষ করতে চেয়েছি।’