Sylhet Today 24 PRINT

আত্মঘাতী গোলে বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক |  ০৩ মার্চ, ২০২৩

কোপা দেল রের ফাইনালে উঠার লড়াইয়ে প্রথম ধাপে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বার্সেলোনা।

বৃহস্পতিবার রাতে সান্তিয়াগো বার্নাবেউতে প্রথমার্ধে এদের মিলিতাওয়ের আত্মঘাতী গোলে পিছিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ হেরেছে ১-০ গোলে। আগামী ৬ এপ্রিল কাম্প নউতে দ্বিতীয় লেগের মাধ্যমে নির্ধারিত হবে ফাইনাল-ভাগ্য।

এ বছর চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এল ক্লাসিকোতে টানা দুই ম্যাচ হারাল রিয়াল মাদ্রিদ। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ।

ম্যাচে বল দখল কিংবা আক্রমণ সবখানে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু কাজের কাজ গোল করতে পারেনি তারা। তবে খেলার ধারার বিপরীতে ম্যাচের ২৬তম মিনিটে প্রথম আক্রমণেই এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সে বল পেয়ে কেসিয়ের নেওয়া শট পা দিয়ে ঠেকান থিবো কোর্তোয়া। তবে ফিরতি বল ডিফেন্ডার এদের মিলিতাওয়ের পায়ে লেগে জালে জড়ায়। এরপর একের পর এক আক্রমণ করতে থাকলেও বার্সেলোনার ডিফেন্ডারদের দৃঢ়তায় ম্যাচে ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ।

এই হারে টানা দুই ম্যাচ জয়শূন্য থাকল রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ ড্র করেছিল তারা। আর উয়েফা ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এবং লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে টানা দুই হারের পর জয়ের ধারায় ফিরল বার্সেলোনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.