Sylhet Today 24 PRINT

জেসন রয়ের সেঞ্চুরি, ইংল্যান্ড ৩২৬

স্পোর্টস ডেস্ক |  ০৩ মার্চ, ২০২৩

জেসন রয়ের সেঞ্চুরি, জস বাটলারের হাফসেঞ্চুরিতে বাংলাদেশের সামনে বিশাল লক্ষ্য দাঁড় করিয়ে দিয়েছে ইংল্যান্ড।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ড সংগ্রহ করে ৩২৬ রান।

শুরুতে একশ রানের মধ্যে ইংল্যান্ডের তিন উইকেট তুলে নিলেও জেসন রয় একপ্রান্তে ঝোড়ো ব্যাটিং করে বড় রানের ভিত্তি গড়েন।

সাকিবের বলে লেগ বিফোর হওয়ার আগে জেসন রয় ১২৪ বলে ১৩২ রানের ইনিংস খেলেছেন। ১৮টি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি।

উইল জ্যাক ১ রান করে ফিরলেও অধিনায়ক বাটলার খেলেছেন ৬৪ বলে ৭৬ রানের দারুণ ইনিংস। পাঁচটি চার ও দুটি ছক্কা তোলার পর মিরাজের দুর্দান্ত ক্যাচে ফিরেছেন তিনি।

এরআগে ফিল সল্ট ৭ করে আউট হয়েছেন। ডেভিড মালান ১১ রান করে মিরাজের বলে ফিরেছেন। ভিন্সকে তুলে নেন তাইজুল।

মঈন আলী ৩৫ বলে ৪২ রান এবং স্যাম কারেন ১৯ বলে অপরাজিত ৩৩ রান করে ইংল্যান্ডের সংগ্রহ নিয়ে যান ৩২৬ রানে।

বাংলাদেশের পক্ষে ৬৬ রানে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ; মেহেদি হাসান মিরাজ ৭৩ রানে নেন ২ উইকেট। এছাড়াও সাকিব ও তাইজুল প্রত্যেকে নেন একটি করে উইকেট।

ইংল্যান্ডের পেস বোলিং আক্রমণে এসেছে দুই পরিবর্তন। ক্রিস ওকসের জায়গায় পেস অলরাউন্ডার স্যাম কারেন এবং জোফরা আর্চারে জায়গায় খেলছেন শাকিব মাহমুদ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেসন ভিন্সি, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাক, মঈন আলী, স্যাম কারেন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.