Sylhet Today 24 PRINT

বাংলাদেশের হয়ে সিলেটের মাঠে অভিষেক হতে যাচ্ছে কিংসলের

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০২৩

বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে গিয়েছিলেন। হাতেও উঠে গিয়েছিল পাসপোর্ট। এলিটা কিংসলেও জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর ছিলেন। কিন্তু নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্রের জটিলতায় সে স্বপ্ন হয়ে গিয়েছিল ফিকে। তবে নতুন তাতে লেগেছে রং। সবকিছু ঠিকঠাক থাকলে সিলেট জেলা স্টেডিয়ামে অভিষেক হতে চলেছে এলিটার

তিন জাতির ফুটবল প্রতিযোগিতার জন্য নাইজেরিয়ান বংশোদ্ভূত এ ফুটবলারকে প্রাথমিক স্কোয়াডে রেখেছেন হাভিয়ের কাবরেরা। প্রস্তুতির জন্য দলের সঙ্গে সৌদি আরব গেছেন ৩৩ বছর বয়সী এ ফুটবলার।

সৌদি আরবে থাকা এলিটা লাল-সবুজ জার্সির জন্য উদগ্রীব হয়ে আছেন জানিয়ে বলেন, ‘জাতীয় দলের হয়ে ভালো কিছু অর্জনের জন্য লড়ব। সৌদি আরবে প্রস্তুতি শেষে আমরা সিলেটে প্রতিযোগিতা খেলতে যাচ্ছি। আমার জন্য, বাংলাদেশ দলের জন্য সবাই দোয়া করবেন।

বাফুফে এলিটাকে জাতীয় দলে খেলানোর বিষয়ে সম্প্রতি ফিফায় চিঠি লিখেছে। ফিরতি চিঠিতে বিশ্ব ফুটবল সংস্থা জানিয়েছে, চাইলে তাকে খেলানো যাবে। কিন্তু কোনো দল যদি এ ফুটবলার ইস্যুতে আপত্তি করে, তার ব্যাখ্যা বাংলাদেশকেই দিতে হবে।

এ বিষয়ে ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন,‘প্রাথমিক দল থেকে যদি কোচ এলিটা কিংসলেকে চূড়ান্ত দলের জন্য মনোনীত করেন, তবে আমরা তাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী সময়ে যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, আমরা সেটা মোকাবিলা করব। এ জন্য কাগজপত্র প্রস্তুত করে রাখা আছে।’

বাংলাদেশের ঘরোয়া লিগে আবাহনীর হয়ে ৮ ম্যাচ খেলা এ ফরোয়ার্ড সাত গোল করেছেন; সতীর্থদের দিয়ে নিয়মিত গোলও করাচ্ছেন। ঘরোয়া ফুটবলের নৈপুণ্যে এলিটা কিংসলে কাবরেরার দলে স্থান পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.